কুষ্টিয়ায় প্ল্যাটর্ফম ও ট্রেনের মাঝে পড়ে প্রাণ গেল নারীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশনে ট্রেনে উঠতে গিয়ে নিচে পড়ে এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে জংশনের ১ নম্বর প্ল্যাটর্ফমে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম জয়নব খাতুন (৫০)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার উত্তর মাগুরা গ্রামের বাসিন্দা ছিলেন।

পোড়াদহ জংশনের স্টেশনমাস্টার শরিফুল ইসলাম বলেন, সকাল ১০টার কয়েক মিনিট আগে খুলনা থেকে ছেড়ে আসা কপোতাক্ষ ট্রেনটি স্টেশনের ১ নম্বর প্ল্যাটর্ফমে এসে দাঁড়ায়। ঠিক ১০টার দিকে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে চলা শুরু করলে জয়নব খাতুন নামের এক যাত্রী দ্রুত ট্রেনে ওঠার চেষ্টা করেন।

এ সময় অসাবধানতাবশত তিনি প্ল্যাটর্ফম ও ট্রেনের মাঝে পড়ে যান। এভাবে অন্তত ১০ হাত ট্রেন যাওয়ার পর ট্রেনটি থামে। ওই নারী ঘটনাস্থলে মারা যান।

রেলওয়ে পোড়াদহ থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজের আলী বলেন, রেললাইন থেকে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।