কুষ্টিয়ায় বিজিবি মোতায়েন, চলছে টহল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া জেলার মানচিত্র

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় কুষ্টিয়ায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা থেকে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়।

বিজিবি সদস্যদের মোতায়েনের বিষয়টি রাত এগারোটার দিকে প্রথম আলোকে নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনি বলেন, জেলায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা মূলত প্রশাসনকে সহায়তা করবে।

জেলা প্রশাসক আরও বলেন, কুষ্টিয়ার মানুষ অত্যন্ত অসাম্প্রদায়িক। জেলার সব মণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবুও প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খাইরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বুধবার রাত থেকে জেলার সবগুলো মন্দিরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। গত রাত থেকেই অতিরিক্ত পুলিশ সুপারসহ শীর্ষ কর্মকর্তা কেউই ঘুমাননি। ইউপি (ইউনিয়ন পরিষদ) চেয়ারম্যান থেকে শুরু করে ইউপি সদস্য ও গ্রামপুলিশকে মণ্ডপে কড়া নজরে রাখতে বলা হয়েছে। আমি নিজেও রাতে বের হচ্ছি। আশা করা যাচ্ছে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব শেষ হবে।’

কুষ্টিয়া জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি ও কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী বলেন, প্রশাসনের ভূমিকা খুবই ভালো। স্থানীয় সংসদ সদস্য (এমপি) মাহবুব উল আলম হানিফও জেলার বিভিন্ন মন্দির ঘুরে তদারকি করছেন। আশা করা যাচ্ছে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই আয়োজন শেষ হবে।