কুষ্টিয়ায় বুধবার থেকে করোনা পরীক্ষা শুরুর আশা

কুষ্টিয়ায় আগামী বুধবার থেকে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করার আশা করছে প্রশাসন। ইতিমধ্যে ল্যাব (পরীক্ষাগার) স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। আজ রোববার জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আসলাম হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, ‘কুষ্টিয়া জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ছোট্ট একটি ভবনের পুরো অংশটিই ল্যাবের জন্য প্রস্তুত করা হয়েছে। আগামী বুধবার থেকে সেখানে করোনা পরীক্ষা করা হবে।’
হাসপাতাল সূত্র জানায়, ৩ এপ্রিল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ হাসপাতালের চিকিৎসক, নার্সদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি রোগীদের সুচিকিৎসা নিশ্চিতে তাগিদ দেন। একই সঙ্গে কুষ্টিয়ায় করোনা রোগীর পরীক্ষা ও তাঁদের চিকিৎসা নিশ্চিত করতে ল্যাব স্থাপনেরও আশ্বাস দেন তিনি। এর পরপরই ল্যাব স্থাপনের কাজ শুরু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, ৬ এপ্রিল থেকে হাসপাতাল প্রাঙ্গণে একটি একতলা ভবনে ল্যাব স্থাপনের জন্য সব রকম নিরাপত্তা দিয়ে কক্ষ প্রস্তুতের কাজ শুরু হয়। দিনরাত পরিশ্রম করে কাজ প্রায় শেষ পর্যায়ে। ল্যাবের যন্ত্রপাতি এসে পৌঁছেছে। সেগুলো কক্ষে স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আগামী মঙ্গলবারের মধ্যে ল্যাবে থাকা চিকিৎসা কর্মকর্তা ও টেকনোলজিস্টদের প্রশিক্ষণ দেওয়া হবে। ওই দিনের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে।
সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, ‘আশা করা যাচ্ছে, প্রতিদিন ল্যাবে অন্তত ৯০টি নমুনা পরীক্ষা করা যাবে। এ জন্য কিটও পর্যাপ্ত রয়েছে। এখানে আশপাশের জেলা মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের রোগীদের নমুনাও সংগ্রহ করে পরীক্ষা করা হবে। তবে ওই সব রোগীকে কুষ্টিয়ায় আসতে হবে না।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে জেলাবাসীর পাশে থেকে সব রকম সুবিধা দিতেই সব চেষ্টা চালানো হচ্ছে। জনগণকে ভালো রাখতে যা যা করা প্রয়োজন, তার সবই করার চেষ্টা সব সময় থাকবে।