কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া জেলার মানচিত্র

কুষ্টিয়া মিরপুর উপজেলায় একটি ভোটকেন্দ্রে দায়িত্বরত অবস্থায় একজন প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। তাঁর নাম জয়নাল আবেদীন। তিনি মিরপুর উপজেলা নিমতলা কলেজের শিক্ষক। বুধবার রাত সাড়ে এগারোটার দিকে তাঁর মৃত্যু হয়।

কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম রাত সোয়া বারটায় প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

একই উপজেলার কুর্শা ইউনিয়নের তীতুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে তিনি প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফার বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, বুধবার সকালে প্রিসাইডিং কর্মকর্তা ওই ভোট কেন্দ্রে যান। সেসময় তিনি একটু অসুস্থ ছিলেন বলে জানতে পেরেছিলেন। তার শ্বাসকষ্ট হচ্ছিল। চিকিৎসা করানোর কথা বলা হয়েছিল। রাত সোয়া এগারোটার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। ঘটনাস্থল ওসি উপস্থিত আছেন।

প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যুর বিষয়টি কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলামও নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাদেরকে পাঠানো হয়েছে।