কুষ্টিয়ায় সর্বোচ্চ শনাক্ত, সিভিল সার্জন খুলনা বিভাগে লকডাউন চান
সংক্রমণ নিয়ন্ত্রণে কুষ্টিয়ায় বিধিনিষেধের পঞ্চম দিনে জেলায় রেকর্ডসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় জেলায় ৯৮ জনের করোনা শনাক্ত হয়। আর এ সময়ে মারা গেছেন তিনজন।
কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত সোমবার সর্বোচ্চ ৯১ জনের করোনা শনাক্ত হয়েছিল। কিন্তু গতকাল মঙ্গলবার সেই রেকর্ড ভেঙে ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এই পরিস্থিতি সামাল দিতে শুধু কুষ্টিয়া নয়, পুরো খুলনা বিভাগেই কঠোর লকডাউন দেওয়া প্রয়োজন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে করোনার তিনটি ওয়ার্ডে ৭৪টি শয্যার একটিও ফাঁকা নেই। প্রতিদিন ১২ থেকে ১৫ জন করোনা রোগী ভর্তি হচ্ছেন। হাসপাতালে আরও একটি ওয়ার্ড বাড়িয়ে ১০০ শয্যার করোনা ইউনিটে উন্নীত করা হচ্ছে। কিন্তু এভাবে রোগী ভর্তির হার বাড়তে থাকলে কয়েক দিনের মধ্যে চিকিৎসক ও নার্সের পক্ষে রোগীর সেবা দেওয়া জটিল হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডের চিকিৎসক মেডিসিন বিশেষজ্ঞ এ এস এম মুসা কবির প্রথম আলোকে বলেন, ‘করোনার প্রথম ঢেউয়ের সময় জেলায় শনাক্তের হার ছিল ২০ থেকে ২২ শতাংশ। কিন্তু দ্বিতীয় ঢেউয়ে, বিশেষ করে গত কয়েক সপ্তাহে শনাক্তের হার ৪০ থেকে ৪২ শতাংশে দাঁড়িয়েছে। এটা ভয়াবহ দিক। কেননা, করোনার ভারতীয় ধরনের রোগী শনাক্তের হার বাড়ছে। এক সপ্তাহ কঠোরভাবে লকডাউন না দিলে পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।’
জেলা প্রশাসন দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত এক মাসে জেলায় ১ হাজার ১৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ২৭ জন। গত ২৪ ঘণ্টায় ২৩৯ জনের নমুনা পরীক্ষা করে ৯৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার প্রায় ৪২ শতাংশ। নতুন শনাক্ত হওয়া রোগীর মধ্যে বেশির ভাগই কুষ্টিয়া পৌর এলাকার বাসিন্দা। জেলায় করোনায় সংক্রমিত রোগীর মোট সংখ্যা ৫ হাজার ৮৩৪। সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৮২ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১৩৫ জন।
এদিকে কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত রোগীদের প্রথম পর্যায়ে চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ। গতকাল রাতে কুষ্টিয়া জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি ভার্চ্যুয়াল মিটিংয়ে তিনি এ নির্দেশ দেন।
সাংসদ মাহবুব উল আলম হানিফ বলেন, জেলায় করোনায় আক্রান্ত রোগীদের বাড়িতে বাড়িতে অক্সিজেন সেবা দেওয়ার জন্য ১০০ সিলিন্ডার মজুত আছে। সেটা কাজে লাগানোর জন্য তিনি সিভিল সার্জনকে নির্দেশ দেন। করোনাকালে মানুষ যাতে কষ্টে না থাকে বা যারা অসহায়, তাদের জন্য যেন খাবার নিশ্চিত করা হয়, জেলা প্রশাসককে সেই নির্দেশ দেন তিনি।