কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর পাখিউড়া সীমান্তে বিএসএফের গুলিতে ছবিল উদ্দিন (৩৬) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত যুবক নারায়ণপুর ইউনিয়নের আইরমারী চর গ্রামের মূসা আলীর ছেলে। কুড়িগ্রাম সীমান্তে অপরাধ হ্রাস ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য গতকাল বুধবার সেক্টর কমান্ডার্স পর্যায়ে পতাকা বৈঠকের এক দিন পর এ ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ভোরে একদল চোরাকারবারির সঙ্গে ছবিল উদ্দিন গরু আনার জন্য নারায়ণপুর কালাইয়ের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৩৯/৪–এর কাছ দিয়ে ভারতের আসাম রাজ্যের ধুবড়ী জেলার মন্ত্রীরচরে যান। তাদের উপস্থিতি টের পেয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মন্ত্রীরচর ক্যাম্পের সদস্যরা গুলি চালান।

পুলিশ, এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে একদল চোরাকারবারির সঙ্গে ছবিল উদ্দিন গরু আনার জন্য নারায়ণপুর কালাইয়ের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৩৯/৪–এর কাছ দিয়ে ভারতের আসাম রাজ্যের ধুবড়ী জেলার মন্ত্রীরচরে যান। তাদের উপস্থিতি টের পেয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মন্ত্রীরচর ক্যাম্পের সদস্যরা  গুলি চালান। এ সময় ছবিলের পেটে গুলি লাগলে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার পথে তিনি মারা যান। বর্তমানে তাঁর লাশ বাড়িতে রাখা হয়েছে।
এ বিষয়ে নারায়ণপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শাহাদৎ হোসেন বলেন, বৃহস্পতিবার ভোরে পাখিউড়া সীমান্ত ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে ছবিল নামের এক বাংলাদেশি নিহত হন। ছবিলের মরদেহ তাঁর বাড়িতে আছে এবং সেখানে গ্রাম পুলিশ আছে। নারায়ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান বিএসএফের গুলিতে ছবিলের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, ওই সীমান্তে মাঝেমধ্যেই এমন ঘটনা ঘটে থাকে।

জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজন জানান, গতকাল বুধবার সকাল ১০টায় ভুরুঙ্গামারীর সোনাহাট সীমান্তের আর্ন্তজাতিক ১০০৮ নম্বর পিলারের কাছে ভারতে বিজিবি ও বিএসএফের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের এক দিন পর গুলি করে এক বাংলাদেশিকে হত্যার ঘটনা ঘটল। এ ধরনের বৈঠকের পর সীমান্ত হত্যা মেনে নেওয়া যায় না।
এ প্রসঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন বলেন, ‘পাখিউড়া বর্ডার আউট পোস্টের (বিওপি) অধীন সীমান্তে একটি গুলির শব্দ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। তবে সেখানে কোনো ব্যক্তির লাশ পাওয়া যায়নি।’
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বিএসএফের গুলিতে ছবিল উদ্দিনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।