কুড়িগ্রামে করোনা শনাক্তের হার ৪২ দশমিক ৫২ শতাংশ
সীমান্ত জেলা কুড়িগ্রামে করোনা সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৮৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২ দশমিক ৫২ শতাংশ। আজ শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ১০ জুন জেলায় ৩৩ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের, ১১ জুন ২৬ জনের মধ্যে ১১, ১২ জুন ৩৫ জনের মধ্যে ১৮, ১৩ জুন ৩১ জনের মধ্যে ১৪, ১৪ জুন ২৯ জনের মধ্যে ১৯, ১৫ জুন ৩৩ জনের মধ্যে ১২, ১৬ জুন ৩৩ জনের মধ্যে ১৩, ১৭ জুন অর্থাৎ গত ২৪ ঘণ্টায় ৮৭ জনের মধ্যে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনা শনাক্তের সংখ্যা ১ হাজার ৪১২ জন। করোনায় ২৭ জনের মৃত্যু হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, জেলায় করোনা সংক্রমণ বাড়ার কারণে কুড়িগ্রাম পৌরসভার তিনটি ওয়ার্ডে কঠোর বিধিনিষেধ চলছে। কাল শনিবার বিকেল থেকে পুরো পৌর এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপের চিন্তাভাবনা চলছে।
জনসাধারণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা না থাকায় করোনা সংক্রমণের হার বাড়ছে বলে জানান জেলা সিভিল সার্জন হাবিবুর রহমান।