কুড়িগ্রামে জাপা নেতা তাজুল চৌধুরীর পক্ষে বিপক্ষে কর্মসূচি
জাতীয় পার্টির (জাপা) নেতা তাজুল ইসলাম চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার ও বিচারের দাবি উঠেছে। গত রোববার বেলা ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলা হয়।
প্রায় একই সময় কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে তাজুল চৌধুরীর পক্ষে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন তাঁর সমর্থকেরা।
মুক্তিযোদ্ধা জনতার ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার আমিনুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, একাত্তরে মানুষ হত্যা ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগে জাপা নেতা তাজুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে বীর প্রতীক আবদুল হাই কুড়িগ্রাম সদর থানায় ২০০৮ সালে একটি মামলা করেন। এ ছাড়া কাঁঠালবাড়ী গণহত্যার সঙ্গেও তাজুল ইসলাম চৌধুরী জড়িত। এগুলো আমলে নিয়ে যুদ্ধাপরাধী হিসেবে তাঁর বিচার কার্যক্রম শুরু করার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনের আগে একই দাবিতে কুড়িগ্রাম-উলিপুর সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, শিক্ষক তৌহিদ আহমেদ, মুক্তিযোদ্ধা নুর হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাজুল ইসলাম, সহসভাপতি নাজমুল ইসলাম প্রমুখ।
তাজুল চৌধুরীর পক্ষে সমাবেশে বক্তৃতা করেন জাপার কর্মী এস কে বাবু আহাম্মেদ, ইব্রাহিম খলিল ও আবু বক্কর। তাঁরা বলেন, একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাদের চেষ্টা বিফলে যাবে। তাঁরা দাবি করেন, এরশাদের ভুল সিদ্ধান্তের কারণে জাতীয় পার্টি ছোট হয়ে যাচ্ছে। দলের নেতা-কর্মীরা বিশ্বাস হারাচ্ছেন। তাজুল ইসলাম চৌধুরী দলের পরীক্ষিত নেতা। দলের দুর্দিনে তিনি শক্ত হাতে হাল ধরেছেন। এ কারণে যড়যন্ত্রকারীরা তাঁর পেছনে লেগেছে।
পরে পুলিশি পাহারায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।