কুড়িগ্রামে জোড়া লাগানো যমজ শিশুর জন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রাম জেলার মানচিত্র

কুড়িগ্রামে কোমরের অংশে জোড়া লাগানো যমজ কন্যাশিশুর জন্ম হয়েছে। গতকাল সোমবার রাতে শহরের একটি বেসরকারি ক্লিনিকে সিজারের মাধ্যমে নাসরিন বেগম (২৫) নামের এক নারী দুই কন্যাসন্তানের জন্ম দেন।

নাসরিন বেগম কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের খামার শিবরাম গ্রামের রানা মিয়ার স্ত্রী। রানা মিয়া একটি পরিবহন কাউন্টারের ব্যবস্থাপক হিসেবে কাজ করেন।

নাসরিন বেগমের পরিবারের লোকজন জানান, গতকাল সন্ধ্যায় নাসরিনের প্রসববেদনা উঠলে দ্রুত তাঁকে কুড়িগ্রাম শহরের একটি ক্লিনিকে ভর্তি করানো হয়। পরে রাত ১০টার দিকে সিজারের মাধ্যমে জোড়া লাগানো শিশুর জন্ম হয়। দুই শিশুর কোমরের অংশটি জোড়া লাগানো। চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মা ও নবজাতকেরা এখন পর্যন্ত সুস্থ আছেন।

জানতে চাইলে কুড়িগ্রামের সিভিল সার্জন মনজুর এ মোর্শেদ বলেন, বাংলাদেশে দু-তিনটি জোড়া লাগানো শিশুর অস্ত্রোপচার হয়েছে। এর একটি অস্ত্রোপচার সফল হয়েছে। এই দুই নবজাতককে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হলে ভালো হবে। সেখানকার সার্জারি বিভাগের চিকিৎসকেরা এ বিষয়ে উন্নত চিকিৎসা দিতে পারবেন।

জোড়া কন্যাশিশুর বাবা রানা মিয়া বলেন, ‘আমি কখনো এমন বাচ্চা দেখিনি। আমি গরিব মানুষ। কোথায় চিকিৎসা হয়, কিছুই জানি না। আমি ডাক্তারদের সহযোগিতা চাই।’