কুড়িগ্রামে ডায়রিয়ায় এক শিশুর মৃত্যু, আক্রান্ত ২৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রাম জেলার মানচিত্র

ঠান্ডাজনিত কারণে কুড়িগ্রামে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রতিদিন ৫০ থেকে ৫৫ জন রোগী ভর্তি হচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরে উলিপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মোরসালিন নামের আট মাসের এক শিশু মারা গেছে। গত এক সপ্তাহে সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত ২৫০ জন রোগী চিকিৎসা নিয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের লোকজন জানান, ডায়রিয়ায় আক্রান্ত মোরসালিনকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর মারা যায়। সে পাশের চিলমারী উপজেলার পাটোয়ারী গ্রামের রতন মিয়ার ছেলে।

উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স মাহাবুবা বেগম বলেন, অসচেতনতার কারণে শিশুটির অবস্থা খুবই খারাপ ছিল। হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই মারা যায় সে।

মাহাবুবা বেগম আরও বলেন, হাসপাতালে প্রতিদিন ৭ থেকে ৮টি শিশু ভর্তি হচ্ছে। গত এক সপ্তাহে অর্ধশতাধিক শিশু হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।
দুই দিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আড়াই বছরের শিশু মাইশা আক্তার। এ সময় শিশুটির মা মারুফা বেগম বলেন, ‘হঠাৎ করে মেয়ের ডায়রিয়া, পাতলা পায়খানা বমি দেখা দেয়। প্রাথমিকভাবে বাড়িতে চিকিৎসা করাই। এতে কাজ না হলে হাসপাতালে নিয়ে আসি।’

চিলমারীর ফকিরেরহাট এলাকার বাসিন্দা বিপ্লব মিয়া বলেন, ‘শীত বেড়ে যাওয়ার কারণে ডায়রিয়া বমি দেখা দিলে এক বছরের শিশুসন্তান হোসাইন রহমানকে হাসপাতালে নিয়ে আসি। চার-পাঁচ দিন ধরে চিকিৎসা নেওয়ার পর এখন কিছুটা সুস্থ আছে।’

বৃহস্পতিবার কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ডায়রিয়ায় আক্রান্ত শিশুরা শয্যা ও ওয়ার্ডের মেঝেতে চিকিৎসা নিচ্ছে। হাসিনা বানু নামের এক শিশুর মা বলেন, ‘শীতের সঙ্গে কনকনে বাতাসের কারণে বাচ্চার ঠান্ডা লাগে। বাড়িতে চিকিৎসা নেওয়ার পর অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে নিয়ে এসেছি। এখন অনেকটা ভালো।’

কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) পুলক বলেন, বৃহস্পতিবার সদর হাসপাতালে ৫৩ জন রোগী ভর্তি হয়। প্রতিদিন ৫০ থেকে ৫৫ জন রোগী ভর্তি হচ্ছে। এদের মধ্যে ভালো হয়ে অনেকে চলে গেছে। রোগীদের মধ্যে অধিকাংশ শিশু। ঠান্ডা বেশি পড়ায় রোগীর সংখ্যা বাড়ছে।