কুড়িগ্রামে তাপমাত্রা ১০ ডিগ্রি, মৃদু শৈত্যপ্রবাহ
কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় অনেকটাই স্থবির হয়ে পড়েছে জনজীবন। শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। ফলে গরম কাপড়ের অভাবে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও হতদরিদ্র মানুষ। একই সঙ্গে শীতজনিত রোগ বেড়েছে নারী ও শিশুদের। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. নবিউর রহমান বলেন, শীতের কারণে হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শিশুদের ডায়রিয়া হচ্ছে। তবে পরিস্থিতি মোকাবিলায় তাঁদের প্রস্তুতি রয়েছে।
এদিকে জেলায় দিনের বেশির ভাগ সময় সূর্যের দেখা মেলে না। বিকেল হতেই বাড়ছে ঠান্ডার প্রকোপ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতের তীব্রতাও। রাতজুড়ে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে প্রকৃতি। এতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলতে দেখা যায়।
সদর উপজেলার পাছগাছি ইউনিয়নের ছত্রপুর গ্রামের বাসিন্দা দিনমজুর মেছের আলী বলেন, কয়েক দিন ধরে ঠান্ডা আর কুয়াশার জন্য কাজে যেতে পারছেন না। গরম কাপড়ও নেই। ছেলেমেয়ে নিয়ে খুবই কষ্টে আছেন তিনি।
কুড়িগ্রাম জেলায় চার শতাধিক চর আছে। এতে বসবাসকারী হতদরিদ্র পরিবারগুলো শীতে কষ্ট করছে। কুড়িগ্রাম শহরের রিকশাচালক সাইফুল ইসলাম বলেন, ঠান্ডা আর কুয়াশার কারণে লোকজন ঘরের বাইরে কম বের হওয়ায় তাঁর রোজগার কমে গেছে।
ঠান্ডা ও কুয়াশায় খেতের আলুর ক্ষতি আশঙ্কা করছেন কাঁঠালবাড়ী এলাকার আলুচাষি সাঈদ হাসান। কুড়িগ্রাম কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কার্যালয়ের পর্যবেক্ষক সুবল চন্দ্র সরকার বলেন, শুক্রবার কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।
জেলা প্রশাসক মো. রেজাউল করিম বলেন, এ পর্যন্ত জেলার ৯ উপজেলায় ইউনিয়ন পরিষদ ও পৌরসভার মাধ্যমে শীতার্ত মানুষের মধ্যে সরকারিভাবে ৩৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। নতুন করে প্রতিটি উপজেলায় শীতবস্ত্র বিতরণের জন্য ৬ লাখ করে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া ৯ হাজার প্যাকেট শুকনো খাবারও বিতরণ করা হয়েছে।