কুড়িগ্রামে পানি বেড়ে আবার বন্যা, অর্ধলাখ মানুষ পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে বন্যার পানিতে তলিয়ে আছে জমির ফসল। সম্প্রতি উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের বাবুরচর এলাকায়
ছবি: প্রথম আলো

কুড়িগ্রামে উজানের বৃষ্টি ও ঢলে নদ–নদীতে পানি বেড়ে আবার নতুন করে বন্যা দেখা দিয়েছে। বিপৎসীমার ওপর দিয়ে বইছে ধরলা ও দুধকুমারের পানি। এতে নতুন করে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ৫০ হাজার মানুষ। এসব এলাকার পাট, ভুট্টা, বীজতলা ও সবজিখেত ডুবে গেছে। গ্রামীণ সড়কগুলোর ওপর পানি প্রবাহিত হওয়ায় ভোগান্তি পোহাচ্ছে মানুষ।

নতুন করে পানি বাড়ায় নাগেশ্বরী, ফুলবাড়ী, কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলার অন্তত ৬০টি চর গ্রাম প্লাবিত হয়েছে। ঘরবাড়িতে পানি ওঠায় বেশ কিছু পরিবার উঁচু ভিটা, রাস্তা ও বাঁধের ওপর আশ্রয় নিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন বলেন, আজ বৃহস্পতিবার বেলা তিনটায় ধরলা নদীর পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সবুর বলেন, আগামী ২ জুলাই পর্যন্ত জেলায় মাঝারি থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, তাঁর ইউনিয়নের মেকলি, পূর্ব ও পশ্চিম ধনিরাম, বড়ভিটা ও বড়লই গ্রামের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়েছে প্রায় ৩ হাজার পরিবারের ১৫ হাজার মানুষ।

সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের চেয়ারম্যান আবদুল বাতেন বলেন, কদমতলা, শিতাইঝাড়, নওয়াবশ, গোবিন্দপুরসহ নয়টি ওয়ার্ডের প্রায় সব গ্রামে পানি ঢুকেছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে ২০ হাজার মানুষ।

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান বলেন, নতুন করে বন্যা দেখা দেওয়ায় ত্রাণ বিতরণ, উদ্ধার তৎপরতাসহ নানা রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। পানিবন্দী মানুষের জন্য নতুন করে ৬০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। এ ছাড়া শুকনা খাবার ক্রয় করে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।