কুড়িগ্রামে সংঘর্ষ থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক খুন
কুড়িগ্রাম সদর উপজেলায় কিশোর-কিশোরীর প্রেমের সম্পর্ক নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। একপর্যায়ে গতকাল বৃহস্পতিবার রাতে ওই দুই পরিবারের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষ থামাতে গিয়ে ছুরিকাঘাতে বকুল মিয়া (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রাত নয়টার দিকে সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ধরলা আবাসন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত বকুল কুড়িগ্রাম সদরের একই ইউনিয়নের উত্তর নওয়াবশ গ্রামের আবদুর সাত্তারের ছেলে। পাঁচগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুল বাতেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ধরলা আবাসন প্রকল্প এলাকার এক কিশোর ও কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে কিশোর ও কিশোরীর পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে গতকাল রাতে ওই দুই পরিবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে ছুরিকাঘাতে বকুল গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
জানতে চাইলে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ শাহারিয়ার বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য আজ শুক্রবার কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পুলিশ আটকের চেষ্টা করছে।