কুড়িগ্রামে অটোরিকশা ও ট্রাক্টরের সংঘর্ষ, কলেজছাত্রসহ নিহত ৩
কুড়িগ্রামে অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রসহ তিনজন নিহত ও তিনজন আহত হয়েছে। রোববার সকাল ১০টায় কুড়িগ্রামের ধরলা সেতুর পূর্ব প্রান্তে কুড়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত তিনজন হলেন নাগেশ্বরী উপজেলার কাচারী পয়রাডাঙ্গা গ্রামের মাসুদুর রহমানের ছেলে কলেজছাত্র হাবিবুল্লাহ (২২), ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউনিয়নের ভাঙামোড় গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা এনামুল হকের স্ত্রী রাবেয়া খাতুন (৬২) ও সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের নজর উদ্দিনের ছেলে নুর আলী (৫৫)।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ১০টার দিকে নাগেশ্বরী উপজেলা সদর থেকে একটি অটোরিকশা পাঁচ যাত্রী নিয়ে কুড়িগ্রামে আসছিল। ধরলা সেতুর পূর্ব প্রান্তে সদর উপজেলার কুড়ারপাড় (কল্লাকাটা) এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মো. হাবিবুল্লাহ ও রাবেয়া খাতুন নিহত হন।
চালকসহ আহত যাত্রীদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নুর আলী (৫৫) নামের আরও এক যাত্রী মারা যান।
এ দুর্ঘটনায় আহত অপর তিনজনের মধ্যে নাগেশ্বরী উপজেলার বালাসীপাড়ার আইয়ুব আলীর ছেলে নুর মোহাম্মদকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে অটোরিকশারচালক ইমান আলী চিকিৎসাধীন। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা গ্রামের করিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত অটোরিকশার অপর যাত্রী হাবিবুর রহমান বেলগাছা ইউনিয়নের খলিলগঞ্জ এলাকার শহিদুল ইসলামের ছেলে।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা পুলক কুমার সরকার বলেন, ওই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে আনার পর একজন মারা যান।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার বলেন, ট্রাক্টরটি আটক করা হয়েছে। তবে ট্রাক্টরচালক পলাতক। নিহত ব্যক্তিদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।