কুড়িগ্রামে হত্যার বিচারের দাবিতে সড়কে লাশ রেখে এলাকাবাসীর বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাপ্পী হত্যার বিচারের দাবিতে স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। আজ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে
ছবি: প্রথম আলো

কুড়িগ্রামে হত্যাকারীর গ্রেপ্তার ও বিচারের দাবিতে সড়কে লাশ রেখে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় শহরের কুড়িগ্রাম–ভূরুঙ্গামারী সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন এলাকাবাসী। পরে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করলে উত্তেজিত লোকজন পুলিশের ওপর চড়াও হন। এ সময় চারজন আহত হন বলে জানান বিক্ষোভকারীরা।

নিহত তরুণ বাপ্পী ইসলাম (২৩) কুড়িগ্রাম পুরাতন রেলস্টেশনসংলগ্ন চৌধুরীপাড়া এলাকার খাদেম আলীর ছেলে। তিনি কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজে অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বাপ্পী কুড়িগ্রাম পুরাতন শহরের জলিল বিড়ি কারখানায় শ্রমিকের কাজ করতেন। সেখানে খোকন মিয়া (৩২) নামের এক সহকর্মীর সঙ্গে কাজের ভাগাভাগি নিয়ে গতকাল সোমবার দুপুরে কথা–কাটাকাটি হয়। এ সময় খোকন দৌড়ে গিয়ে একটি দেশি অস্ত্র এনে বাপ্পীর ঘাড়ে আঘাত করেন। সঙ্গে সঙ্গে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় গতকাল রাতেই বাপ্পীর মা বিউটি বেগম বাদী হয়ে খোকনকে আসামি করে কুড়িগ্রাম সদর থানায় মামলা করেন। পুলিশ বলছে, ঘটনার পর থেকেই আসামি খোকন মিয়া পলাতক। তিনি পৌরসভার সওদাগরপাড়া মাটিকাটা মোড়ের নজরুল ওরফে নজির হোসেনের ছেলে।

আজ দুপুরে নিহত ব্যক্তির বাড়িতে গিয়ে দেখা যায়, চারদিকে শোকের ছায়া। সন্তানকে হারিয়ে বিউটি বেগম ভেঙে পড়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি আমার সন্তান হত্যার বিচার চাই। তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।’

প্রতিবেশীরা জানান, বাপ্পীর বাবা খাদেম আলী শারীরিক প্রতিবন্ধী। তাঁর দুই ছেলে, এক মেয়ে। বাপ্পী সবার বড়। তিনি বিড়ি কারখানায় কাজ করে সংসার চালাতেন। নিজে লেখাপড়া করার পাশাপাশি ছোট দুই ভাই–বোনকে পড়াতেন।

বেলা একটায় কুড়িগ্রাম পুরাতন স্টেশনপাড়ায় গিয়ে দেখা যায়, প্রচণ্ড রোদের মধ্যে সড়কের ওপর চৌকিতে বাপ্পীর লাশ রাখা হয়েছে। চারপাশে এলাকাবাসী ও সহপাঠীরা হত্যাকারীর বিচারের দাবিতে স্লোগান দিচ্ছেন। মাগরিবের পর কুড়িগ্রাম কবরস্থানে লাশ দাফন করা হয় বলে জানান স্থানীয় লোকজন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ বলেন, বিক্ষোভে পুলিশের লাঠিপেটার বিষয়টি সঠিক নয়। পুলিশ বিক্ষোভকারীদের কাছ থেকে দূরে ছিল। জনপ্রতিনিধিদের দিয়ে সড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করা হয়। তিনি আরও বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।