কুড়িগ্রামের ফুলবাড়ীকে প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণা
বাল্যবিবাহের হার কমিয়ে আনা ও এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাকে প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ফুলবাড়ী ডিগ্রি কলেজ মাঠে এক জনসমাবেশে কুড়িগ্রাম-২ আসনের সাংসদ পনির উদ্দিন আহমেদ এই ঘোষণা দেন।
অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য দেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন দাস, প্ল্যান ইন্টারন্যাশনালের বিবিএফজি প্রকল্পের ব্যবস্থাপক নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, ইমাম, পুরোহিত, কাজি, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দকে বাল্যবিবাহ প্রতিরোধে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এ সময় লাল কার্ড প্রদর্শন, ফলক উন্মোচন ও পায়রা উড়িয়ে ফুলবাড়ী উপজেলাকে প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়।
ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ–এর বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের পক্ষ থেকে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরডিআরএসের বিবিএফজি প্রকল্পের সমন্বয়কারী আবদুল্লাহ আল মামুন বলেন, ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও বিবিএফজি প্রকল্পের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে ১৫ বছরের নিচে এই উপজেলায় বাল্যবিবাহের হার ছিল ৩৫, যা এখন কমে ৬ শতাংশে দাঁড়িয়েছে। ১৮ বছরের নিচে বাল্যবিবাহের হার আগে ছিল ৬৫, যা কমে ৩৭ শতাংশ হয়েছে।
অনুষ্ঠানে আগামী তিন বছরের মধ্যে ফুলবাড়ী উপজেলাকে পুরোপুরি বাল্যবিবাহমুক্ত করার লক্ষ্যের কথা বলা হয়।