কুয়াকাটা সৈকতে ভেসে এল ২৫ কেজি ওজনের মৃত কচ্ছপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ২৫ কেজি ওজনের একটি মৃত কচ্ছপ ভেসে এসেছে। আজ বিকেলে সৈকতের বালুচর থেকে তোলা
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও একটি মৃত কচ্ছপ ভেসে এসেছে। আজ রোববার দুপুরে জোয়ারের পানিতে সৈকতসংলগ্ন ঝাউবাগান এলাকার বালুচরে মৃত কচ্ছপটি আটকা পড়ে। এর আগে গত দুই সপ্তাহে আরও চারটি মৃত অলিভ রেডলি কচ্ছপ সৈকত এলাকায় ভেসে আসে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান উপকূলীয় এলাকার পরিবেশ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের স্বেচ্ছাসেবী সংগঠন ব্লু-গার্ডের সদস্যরা। তাঁরা মৃত কচ্ছপটি উদ্ধার করে বিকেলে বালুচরে মাটিচাপা দেন।

স্থানীয় বাসিন্দা জুয়েল রানা বলেন, আজ দুপুরে কুয়াকাটার ঝাউবাগান এলাকায় ব্যক্তিগত কাজে গিয়ে তিনি একটি মৃত কচ্ছপ বালুচরে পড়ে থাকতে দেখেন। দুপুরের জোয়ারে এটি ভেসে এসেছে বলে স্থানীয় কয়েকজন জেলের কাছ থেকে জানতে পেরেছেন তিনি। কচ্ছপটির ওজন ২৫ কেজির মতো হবে বলে জানান তিনি।

ওয়ার্ল্ডফিশের পটুয়াখালী জেলার সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি প্রথম আলোকে বলেন, কচ্ছপটি হয়তো প্রজননের জন্য উপকূলে চলে এসেছিল। এ সময় কোনো না কোনো কারণে এটি মারা গেছে। আজ যে কচ্ছপ এসেছে, তার বৈজ্ঞানিক নাম Lepidochelys olivacea। এগুলো সাধারণত ৫০ বছরের বেশি সময় বেঁচে থাকে। কচ্ছপটির বয়স ১৫ থেকে ২০ বছর হতে পারে। তাঁরা মৃত কচ্ছপের দেহ থেকে কিছু নমুনা সংগ্রহ করে রেখেছেন।

কলাপাড়া উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অপু সাহা প্রথম আলোকে বলেন, এর আগেও উপকূলে কচ্ছপসহ বেশ কিছু সামুদ্রিক প্রাণী মারা গেছে। এসব কী কারণে মারা যায়, তা উদ্‌ঘাটন করা দরকার। তাঁরা বন বিভাগসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছেন। সামুদ্রিক প্রাণী রক্ষায় জনসচেতনতা বাড়াতে তাঁরা আরও জোরালোভাবে কাজ করবেন বলে জানান তিনি।