কুয়াকাটার পর্যটন নিয়ে নতুন করে পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুয়াকাটায় আসা পর্যটককে সন্তুষ্ট করতে নতুন পরিকল্পনা নিয়ে এগোতে চাইছেন প্রশাসন ও পর্যটন খাতের ব্যবসায়ীরা
ছবি: সাইয়ান

ঢাকা থেকে সড়কপথে কুয়াকাটায় যাতায়াতে আগে সময় লাগত ১০–১২ ঘণ্টা। পদ্মা সেতু চালু হলে সময় লাগবে পাঁচ-ছয় ঘণ্টা। পদ্মা সেতু চালু হলে কুয়াকাটায় পর্যটকের সংখ্যা ব্যাপকভাবে বাড়বে। সময় কমে যাওয়ার কারণে বছরজুড়ে পর্যটক থাকবে কুয়াকাটায়, এমনটি মনে করছেন কুয়াকাটার পর্যটনশিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা। তাঁদের ভাষ্য, পদ্মা সেতু শুধু মানুষের পারাপারের জন্যই একটি সেতু হবে না, এর সঙ্গে পুরো দক্ষিণের অর্থনীতি, মানুষের জীবনচিত্র খুব দ্রুত পাল্টে যাবে।

পদ্মা সেতুর দ্বার খুলে যাচ্ছে ২৫ জুন। এখন কুয়াকাটার পর্যটনকে ঢেলে সাজানোর জন্য চলছে তোড়জোড়। পদ্মা সেতুর কারণে কুয়াকাটায় যে পর্যটকের ঢল নামবে, তা সামাল দিতে মানসম্পন্ন পর্যটনসেবার কথা বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। কুয়াকাটায় আগত পর্যটককে সন্তুষ্ট করতে নতুন পরিকল্পনা নিয়ে এগোতে চাইছেন প্রশাসন ও পর্যটন খাতের ব্যবসায়ীরা। এতে করোনাকালের ক্ষতিও কাটানোর আশা ব্যবসায়ীদের।

কুয়াকাটা হোটেল-মেটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান, কুয়াকাটায় ১৬০টির মতো আবাসিক হোটেল-মোটেল রয়েছে। ২০২০-২১ সালে কুয়াকাটায় ব্যবসায়ীরা চরম সংকটময় সময় পার করেছেন। করোনার এ সময়টায় পর্যটননির্ভর ব্যবসা মুখ থুবড়ে পড়েছিল। প্রতিটি হোটেলের মালিকই বড় রকমের আর্থিক ক্ষতির মধ্যে পড়েছেন। টাকার অঙ্কে হিসাব করলে করোনার ওই ২ বছরে কুয়াকাটার হোটেল ব্যবসায়ীদের কমপক্ষে ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া শুঁটকি ব্যবসা, মাছের ব্যবসা, শামুক-ঝিনুকের দোকান, খাবারের হোটেল, বিনোদন, সৈকতের আলোকচিত্রী, মোটরসাইকেল, ভ্যান, অটোরিকশাচালক, সৈকতের ছাতা-বেঞ্চ ব্যবসায়ী, চা-পানের দোকানদার, চটপটি বিক্রেতা, ট্যুর অপারেটরসহ পর্যটনকেন্দ্রিক সব ব্যবসা মিলিয়ে এ ক্ষতি হাজার কোটি টাকার কাছাকাছি।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ বলেন, ‘ঘূর্ণিঝড়, দৈবদুর্বিপাকের কারণে কয়েক বছর ধরে কুয়াকাটার ব্যবসায়ীরা এমনিতেই লোকসান গুনছেন। তার ওপর করোনা পরিস্থিতির কারণে কুয়াকাটার ব্যবসা–বাণিজ্য একেবারে মুখ থুবড়ে পড়েছে। আমরা চাই, সেখান থেকে ঘুরে দাঁড়াতে।’

স্থানীয় খাবারের হোটেলের ব্যবসায়ী মো. নজরুল ইসলাম বলেন, ‘মোরা প্রতিদিন ২০-২৫ হাজার টাকা বিক্রি করতাম। বেচাকেনা না থাহনে বয়-বেয়ারা ছুটি দিয়া দিছিলাম। কর্মচারীরা আমার এহান থেইক্যা যাইয়া যে যার মতো কাজ জোগাড় কইরা লইছে। অ্যাহন হোটেল চালানোর লাইগা কর্মচারী জোগাড় করার চেষ্টা করছি। সামনে কুয়াকাটায় ভিড় প্রচণ্ড বাড়বে বলে মনে হচ্ছে।’

স্থানীয় বাসিন্দারা বলছেন, ‘পদ্মা সেতু খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে কুয়াকাটার দ্বারও নতুনভাবে উন্মোচিত হবে। কুয়াকাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘এত দিন কুয়াকাটায় যাতায়াতের অন্যতম প্রতিবন্ধকতা ছিল যোগাযোগব্যবস্থা। পদ্মা সেতু চালু হলে কুয়াকাটায় যাতায়াতের সে প্রতিবন্ধকতা আর থাকছে না। এ কারণে কুয়াকাটায় বেড়ানোর প্রতি মানুষের আকর্ষণ বহুগুণে বাড়বে। বিলাসবহুল গাড়ি চলাচল শুরু হবে। অনেকে ব্যক্তিগত যানবাহনেও স্বাচ্ছন্দ্যে অল্প সময়ে কুয়াকাটায় আসতে পারবেন। কুয়াকাটা আবার জেগে উঠবে, স্বরূপে ফিরবে, সে আশায় আমরা সাগরপাড়ের মানুষ বুক বেঁধে আছি।’

মেয়র আনোয়ার হাওলাদার আরও বলেন, ‘আমরা সৈকতসহ পার্শ্ববর্তী এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করছি। কুয়াকাটার পর্যটনকে যাতে একটা সেবার জায়গায় নিয়ে যাওয়া যায়, সে চিন্তা আমাদের রয়েছে। আমরা কুয়াকাটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি।’

পর্যটকের যাতে ভোগান্তি না হয়, সেদিকে থাকবে নজর।

কুয়াকাটায় ১৬০টির মতো আবাসিক হোটেলে ১৫ হাজার মানুষের থাকার ব্যবস্থা রয়েছে। এসব আবাসিক ও খাবারের হোটেলে পর্যটকদের মূল্যছাড় দেওয়া, মানসম্পন্ন ও তাজা খাবার পরিবেশন এবং অভ্যন্তরীণ স্পটগুলোতে যাতায়াতের কাজে নিয়োজিত মোটরসাইকেল, ভ্যানসহ যেসব যানবাহন রয়েছে, সেসবে অতিরিক্ত ভাড়া যাতে না নেয়, তা যথাযথভাবে তদারক করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ব্যবসায়ীরাও এ ব্যাপারে প্রশাসনকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতিটি হোটেল-মোটেলে সুযোগ-সুবিধা ও সেবার মান বাড়ানোর পরিকল্পনা করেছেন তাঁরা।

কুয়াকাটা সৈকত, অভ্যন্তরীণ সড়ক, হোটেল-মোটেল, আকর্ষণীয় স্পটগুলো নতুন করে সাজানোসহ কুয়াকাটায় আগত ব্যক্তিদের বরণ করে নিতে সার্বিক প্রস্তুতি নেওয়ার জন্য ১৩ জুন মতবিনিময় সভা হয়েছে। টোয়াকের আয়োজনে কুয়াকাটা পৌরসভার হলরুমে আয়োজিত ওই সভায় পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদার সভাপতিত্ব করেন। এতে পর্যটন সেবা খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ব্যক্তিদের প্রত্যেকেই পদ্মা সেতু চালু হওয়াকে দক্ষিণের জনপদের জন্য আশীর্বাদ ও অর্থনীতির দিক পরিবর্তনকারী হিসেবে অভিমত ব্যক্ত করেন।

কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চু বলেন, ‘আগামী দিনে পর্যটকের সংখ্যা বাড়বে এতে কোনো সন্দেহ নেই। এ কারণে আমরা ট্যুর গাইডের সংখ্যা যেমন বাড়ানোর পরিকল্পনা করেছি, তেমনি গাইডদের প্রশিক্ষণ দিয়ে পর্যটকের সেবায় নিয়োজিত করারও চেষ্টা রয়েছে।’

কুয়াকাটার জিরো পয়েন্ট এলাকার ঝিনুক ব্যবসায়ী মো. খাইরুল ইসলাম বলেন, ‘পদ্মা সেতু আমাগো দক্ষিণের মানুষের লাইগ্যা আশীর্বাদ। এতে কুয়াকাটার পর্যটন খাত সবচেয়ে উপকৃত হবে। গত দুই বছর করোনা, ঘূর্ণিঝড়সহ নানা কারণে আমাদের ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল। এখন আবার দোকানপাট গোছানো শুরু করেছি। পদ্মা সেতু চালু হইলে মানুষজনের আনাগোনা বাড়বে, তাতে বেচাকেনাও বাড়বে। সেভাবেই নতুন করে প্রস্তুতি নিচ্ছি।’