কুয়াকাটার মেয়র-কাউন্সিলররা ঘুরতে গেছেন, নাগরিকেরা সেবাবঞ্চিত
‘আমার দুই মেয়ের জন্মনিবন্ধন করা দরকার। এ জন্য গত বুধ ও বৃহস্পতিবার দুদিনই কুয়াকাটা পৌরসভায় গিয়েছিলাম। নাগরিক সেবা নিতে গিয়ে পৌরসভায় কাউকে পাইনি। পৌরসভা কার্যালয় ছিল তালাবদ্ধ।’ হতাশা নিয়ে কথাগুলো বলছিলেন পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জাহিদুল ইসলাম।
এমন ক্ষোভ শুধু জাহিদুল ইসলামের নয়, সাগরপাড়ের এই পৌরসভার আরও অনেক বাসিন্দার। কেন পৌরসভা কার্যালয় বন্ধ? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায়, কুয়াকাটা পৌরসভার মেয়র, সাধারণ কাউন্সিলর, তিন নারী কাউন্সিলরসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা ঘুরতে গেছেন। তাঁদের পরিবারের সদস্যসহ এই দলে আছেন অন্তত ৫০ জন।
নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, মেয়রের পছন্দের ঠিকাদারদের অর্থায়নে এই ভ্রমণের আয়োজন করা হয়েছে। এতে পৌরসভা কার্যালয় বন্ধ থাকায় নাগরিক সেবা নিতে আসা মানুষেরা বিপাকে পড়েছেন। মেয়র ও তাঁর দলবল মঙ্গলবার রওয়ানা হয়ে বুধবার সকালে কক্সবাজার পৌঁছান। এরপর তাঁরা বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে বেড়াবেন।
মেয়রের বড় ছেলে নাহিয়ান তাঁর ফেসবুক পেজে এই সফর নিয়ে লিখেছেন, কুয়াকাটা পৌরসভার পর্যটনকে আরও উন্নত করতে এই ভ্রমণ পৌরসভার সব সদস্যের জন্য শিক্ষণীয় ভ্রমণ হতে যাচ্ছে।
৬ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিন হাওলাদার এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জন্মনিবন্ধনের জন্য বৃহস্পতিবার পৌরসভায় গ্যাছেলাম। যাইয়া দেহি দুইটা গেটেই তালা দেওয়া। কী করমু, ফিরয়্যা আইছি। এইভাবে পৌরসভা বন্ধ কইর্যা যাওয়া মোডেও ঠিক হয় নাই। এইতে আমরা ভোগান্তিতে পড়লাম।’
৪ নম্বর ওয়ার্ডের নুরুজ্জামাল খাঁ, ৭ নম্বর ওয়ার্ডের জাহিদ কাজী ও ৯ নম্বর ওয়ার্ডের ইউনুস হাওলাদার বলেন, তাঁরা পরিচয়পত্র আনতে গিয়ে দেখেন, পৌরসভা কার্যালয় বন্ধ। সেখানে কেউ নেই। পূর্ণ কর্মদিবসে পৌরসভার অবস্থা এমন হতে পারে না।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌরসভা কার্যালয় বন্ধ থাকায় বুধ ও বৃহস্পতিবার পৌর কর আদায়, ট্রেড লাইসেন্স বিতরণ, জন্ম ও মৃত্যু সনদ বিতরণ, অটোরিকশা ও ভ্যানের লাইসেন্স দেওয়া, পানি সরবরাহ ব্যবস্থা ও পয়োনিষ্কাশন কার্যক্রম ব্যাহত হয়েছে।
পৌরসভা কার্যালয় ও সেবা কার্যক্রম বন্ধ রেখে মেয়রসহ অন্যদের এমন ভ্রমণের সমালোচনা করেছেন কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র আবদুল বারেক মোল্লা। তিনি বলেন, ‘মেয়রসহ পুরো পরিষদ গত মঙ্গলবার থেকে কুয়াকাটায় নেই। অনেকে ব্যাংক থেকে ঋণ নেবেন, এ জন্য পরিচয়পত্র দরকার। অনেকের অটোভ্যানের লাইসেন্স দরকার, জন্মনিবন্ধন প্রয়োজন; কিন্তু তাঁরা তা নিতে পারেননি।’ এর সঙ্গে তিনি যোগ করেন, ‘আমি যত দূর জানি, মেয়রকে কোথাও যেতে হলে মন্ত্রণালয় থেকে ছুটি নিয়ে যেতে হবে। বর্তমান মেয়র এই ছুটি নেননি। তা ছাড়া মেয়র শুধু নিজেই যাননি, তিনি পুরো পৌর পরিষদকেই তাঁর সঙ্গে নিয়ে গেছেন। এটা বেআইনি কাজ।’
এ বিষয়ে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও সুশাসনের জন্য নাগরিক (সুজনের) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, মেয়রসহ কাউন্সিলররা ছুটিতে যেতে পারেন, এটা ঠিক। কিন্তু কোনোভাবেই প্রতিষ্ঠান তালাবদ্ধ করে রেখে যেতে পারেন না। যাঁদের সেবা দেওয়ার কথা, তাঁরা যদি মানুষকে সেবাবঞ্চিত করেন; সে ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ মেয়রসহ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে।
এসব বিষয়ে কুয়াকাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হাওলাদার বলেন, ‘কুয়াকাটা পর্যটনকে কীভাবে সমৃদ্ধ করা যায় তা বোঝার জন্য, কক্সবাজারসহ কয়েকটি এলাকা সফর করছি। এতে দোষের কিছু নেই। তা ছাড়া আমি আসছি মাত্র কয়েকজনকে নিয়ে। ওখানে (পৌরসভায়) আমার দুজন কাউন্সিলর রয়েছেন। তাঁরা দায়িত্ব পালন করবেন। আসলে এসব হচ্ছে আমার বিরুদ্ধে প্রতিপক্ষের ষড়যন্ত্র।’
তবে মেয়রের কথা অনুযায়ী ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফজলুল হক খান ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাবের হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাঁরা ফোন ধরেননি।
পটুয়াখালীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. হুমায়ুন কবীর বলেন, কুয়াকাটা পৌরসভার মেয়র-কাউন্সিলররা কার্যালয় বন্ধ রেখে এভাবে যেতে পারেন না। খোঁজ নিয়ে এ বিষয়ে তাঁদের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।