কুয়াকাটায় আবারও ভেসে এল মৃত ডলফিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ভেসে আসা মৃত ডলফিন
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে ঝাউবন এলাকায় আজ বুধবার আরেকটি মৃত ডলফিন ভেসে এসেছে। সকালে স্থানীয় লোকজন এটি দেখতে পান।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কে এম বাচ্চু জানান, গত রাতের জোয়ারে মৃত ডলফিনটি ভেসে আসে। এক সপ্তাহ আগে কুয়াকাটা সৈকতের তেত্রিশকানি এলাকায় ইরাবতী প্রজাতির একটি মৃত ডলফিন ভেসে এসেছিল। চলতি বছর এ পর্যন্ত ২২টি মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে এল। গত বছর সাত থেকে আটটি মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে এসেছিল।

উপকূলের জীববৈচিত্র্য, পরিবেশ-প্রতিবেশ ও সমুদ্রের নীল অর্থনীতি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশের (ইকোফিশ-২) পটুয়াখালী জেলার সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, আজ ভেসে আসা ডলফিনটি ইরাবতী প্রজাতির। এটি ৭ ফুট লম্বা। এর শরীরে পচন ধরেছে। এর মাথায় ও লেজে আঘাতের চিহ্ন আছে। পাঁচ থেকে সাত দিন আগে ডলফিনটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

পটুয়াখালী বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, কুয়াকাটা রেঞ্জের দায়িত্বে থাকা কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ডলফিনটির অন্ত্রসহ শরীরের কিছু অংশ ময়নাতদন্তের জন্য সংগ্রহ করা হয়েছে। মৃত ডলফিনটি মাটিচাপা দেওয়া হয়েছে।