কুয়াকাটায় এসে মারা যাওয়া প্রাণীটি বিশেষ প্রজাতির তিমি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লেম্বুরচর–সংলগ্ন আন্ধারমানিক নদের মোহনায় গতকাল সোমবার একটি প্রাণী ভেসে এসেছিল। মোহনায় ভেসে আসার দুই ঘণ্টা পর প্রাণীটি মারা যায়। শুরুতে ধারণা করা হয়েছিল, প্রাণীটি ডলফিন। তবে পরে জানা যায়, মারা যাওয়া প্রাণীটি বিশেষ প্রজাতির সামুদ্রিক তিমি। এ প্রজাতির তিমির বসতি মূলত গভীর সমুদ্রে। এর নাম ‘পিগমি স্পার্ম হোয়েল’।
এই বিশেষ প্রজাতির তিমি সম্পর্কে জানতে দেশের দুজন বন্য প্রাণী বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁরা দুজনই বিষয়টি নিশ্চিত করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, এর আগে এ প্রজাতির তিমি বাংলাদেশের জলসীমায় ধরা পড়ার নজির নেই। মূলত গভীর সমুদ্রে এই তিমি বাস করে। বিশেষত আটলান্টিক, প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরে এ প্রজাতির তিমি ছড়িয়ে আছে। একই সঙ্গে এ প্রজাতির তিমি খুব কম দেখা যায়। বিশ্বব্যাপী এ তিমি বেশি পরিচিত নয় বলে এদের সম্পর্কে খুব বেশি তথ্য নেই।
গত রোববার সকালের জোয়ারে তিমিটি ভেসে আসার পর লেম্বুরচরসংলগ্ন আন্ধারমানিক নদের মোহনায় আটকা পড়ে। এ সময় তিমিটি যন্ত্রণায় ছটফট করছিল। তীব্র যন্ত্রণায় প্রাণী ওলট-পালট ও গড়াগড়ি খাচ্ছিল। এর দৈর্ঘ্য সাত ফুট এবং প্রস্থ দুই ফুটের মতো। তিমিটির পেটে বাচ্চা ছিল। এটির শরীরের নিচের অংশ থেকে রক্ত ঝরছিল। প্রায় দুই ঘণ্টা যন্ত্রণায় ছটফট করার পর এটির মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, বঙ্গোপসাগরে ট্রলিং জালে (মাছ ধরার বিশেষ ধরনের জাল) অথবা ট্রলিং বোটের পাখার সঙ্গে লেগে আঘাত পেয়ে তিমিটি স্রোতের তোড়ে বালিয়াড়িতে ভেসে আসে।
উপকূলের পরিবেশ-প্রতিবেশ, জীববৈচিত্র্য ও সাগরের নীল অর্থনীতি নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ প্রকল্পের ব্যবস্থাপনায় মৃত তিমিটি উদ্ধার করে আলীপুর মৎস্য বন্দরের ল্যান্ডিং স্টেশনে নেওয়া হয়। পরে গতকাল সোমবার রাতেই তিমির ময়নাতদন্ত করে নমুনা সংগ্রহ করা হয়। এ সময় তিমির পেট থেকে দুটি বাচ্চা পাওয়া যায়। এসব নমুনা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। পরে গতকাল রাতেই তিমিটি বনবিভাগের সহীপুর কার্যালয়ের অভ্যন্তরে মাটি চাপা দিয়ে রাখা হয়।
ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ প্রকল্পের পটুয়াখালী জেলার সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে প্রাণীটি ডলফিন হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তবে পরে জানা গেল এটা বিশেষ প্রজাতির তিমি। যেহেতু এই তিমি সচরাচর দেখা যায় না, তাই তাৎক্ষণিকভাবে প্রাণীটি শনাক্তকরণে ভুল হয়েছিল।
সাগরিকা স্মৃতি বলেন, 'পিগমি স্পার্ম হোয়েল'-এর দৈহিক গঠন একটু আলাদা। এর বর্গাকার মাথা এবং পেছনের দিকে ত্রিভুজাকারের পৃষ্ঠীয় পাখনা আছে। শুধুমাত্র নিচের চোয়ালে সরু, সূক্ষ্ম দাঁত থাকে। এর ওপরের পৃষ্ঠ বরাবর হালকা ধূসর এবং নীচে হালকা সাদা। সামগ্রিকভাবে এই তিমি হাঙ্গরের মতো দেখতে এবং মাথার পাশে একটি ফুলকার মতো আছে। বিশ্বব্যাপী এই প্রজাতির তিমি সম্পর্কে বিশেষজ্ঞরা খুব বেশি তথ্য পাননি। এরা গভীর সমুদ্রে বাস করায় সাধারণত কোনো নৌযানের কাছে যায় না।
এ ধরনের তিমি বাংলাদেশে আগে দেখা যায়নি বলে দাবি করেছেন ইকোফিশের সাবেক গবেষক ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী। তিনি প্রথম আলোকে বলেন, ‘এটা নিশ্চিত প্রাণীটি কোনোভাবেই ডলফিন প্রজাতির প্রাণী নয়। এটি তিমি প্রজাতির প্রাণী। এর নাম পিগমি স্পার্ম হোয়েল। আর বৈজ্ঞানিক নাম কোগিয়া ব্রেভিসেপস। যেহেতু এই প্রজাতির তিমি আমাদের জলসীমায় এর আগে দেখা যায়নি, তাই এটি কীভাবে এখানে এলো এবং এদের গোত্রের আরও তিমি আছে কি না, তা নিয়ে অনুসন্ধান চালানো উচিত।’
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের (নোয়া) তথ্য অনুসারে, পিগমি স্পার্ম হোয়েল সাধারণত ১১ দশমিক ৫ ফুট (৩ দশমিক ৫ মিটার) পর্যন্ত লম্বা এবং ৪৪৫ কেজি পর্যন্ত ওজন হয়।
দেশের গুরুত্বপূর্ণ জলজ প্রতিবেশ ব্যবস্থাপনার জন্য সংরক্ষিত এলাকা সম্প্রসারণ (ইপিএএসআইএই) নামের একটি প্রকল্পের মাধ্যমে সুন্দরবনের ডলফিনের জন্য সংরক্ষিত এলাকা রক্ষার প্রকল্পে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এম এ আজিজ। তিনি প্রথম আলোকে বলেন, এর আগে এই প্রজাতির তিমি বাংলাদেশের জলসীমায় ধরা পড়ার কোনো নজির নেই। এখন বাংলাদেশের উচিত গভীর সমুদ্রসহ দেশের জলসীমাজুড়ে স্তন্যপায়ী সামুদ্রিক প্রাণী (সিটাসিয়ান) সম্পর্কে পর্যাপ্ত তথ্য সংগ্রহ করা। একই সঙ্গে এসব প্রাণীর অবস্থা, হুমকি ও টিকে থাকার চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া উচিত। এ ছাড়া তিমিটি কীভাবে কুয়াকাটা উপকূলে ভেসে এল এবং এর মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য গভীর তদন্ত ও নির্ভুল ময়নাতদন্ত করে দেখা প্রয়োজন বলে মনে করেন তিনি।