কুয়াকাটায় ভক্তদের পদভারে মুখরিত রাস উৎসব

পূব আকাশে সূর্য লাল আভা ছড়িয়ে কেবল উঁকি দিচ্ছে, এমন সময় হিন্দু নারীদের উলুধ্বনিতে সরগরম হয়ে ওঠে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ কুয়াকাটা সমুদ্র সৈকত। রাস ভক্তদের ব্যস্ততা তখন পূজার জন্য। আবার কেউ কেউ সাগরে নেমে পড়েছেন পুণ্য স্নানের জন্য। পুরো সৈকত জুড়ে হাজার হাজার রাসভক্ত নর-নারী। তাঁদের বিশ্বাস, সারা বছরের পঙ্কিলতা দূর হয়ে সামনের জীবন হবে সুখের, সংসারে-কর্মে আসবে সাফল্য।
গতকাল রোববার সন্ধ্যায় ফানুস উড়িয়ে রাস উৎসবের শুভ সূচনা করা হয়। এর আগে বিকেল পাঁচটায় পটুয়াখালীর জেলা প্রশাসক একেএম শামীমুল হক ছিদ্দিকী প্রধান অতিথি হিসেবে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ উৎসবকে কেন্দ্র করে আয়োজন করা হয় সংগীতানুষ্ঠানের। সৈকতের পার ঘেঁষে বসে মেলা। হিন্দু পুণ্যার্থীরা কুয়াকাটার ‘রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রম’ প্রাঙ্গণে রাতভর নামকীর্তনসহ অন্যান্য ধর্মীয় আচারে অংশগ্রহণ করেন। সারা রাত জেগে তাঁরা সৃষ্টিকর্তার নৈকট্য পাওয়ার চেষ্টা করেন। তবে রাসভক্ত পুণ্যার্থীরা পুণ্য স্নানের ক্ষণটির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। প্রচ্ছন্ন কুয়াশা আর হালকা ঠান্ডায় সোমবার সকালে স্নানের সময় অনেকে স্বামী-সন্তানকে নিয়ে নেমে পড়েন সাগরের জলে।
খুলনার ফুলতলার জয়শ্রী সরকার বললেন, ‘গত এক বছর অনেকটা কষ্টে কেটেছে। তাই ভগবানের কৃপা লাভ করার জন্য পরিবার নিয়ে এখানে এসেছি। আজকে নিজের কাছেও ভালো লাগছে।’ হরেরাম কবিরাজ নামে একজনকে সৈকতে বসে মাথা ন্যাড়া করতে দেখা গেল। তাঁর কাছ থেকে জানা গেল, বেশ কিছু দিন তিনি অসুখে ভুগেছেন। তাঁর মানত ছিল, অসুখ ভালো হলে পূর্ণিমার তিথিতে রাস পূজার সময় কুয়াকাটায় গিয়ে মাথা ন্যাড়া করবেন। অসুখ ভালো হওয়ায় কুয়াকাটায় এসে সেই মানত পালন করছেন।

স্নান শেষে পুণ্যার্থীরা কলাপাড়া পৌর শহরের মদনমোহন সেবাশ্রমে সমবেত হন। ১১৭ বছর ধরে এখানে ধর্মীয় আচার পালনের রীতি প্রচলিত রয়েছে। এর জন্য রাধা-কৃষ্ণের ১৭ জোড়া যুগল মূর্তি এ মন্দির প্রাঙ্গণে প্রতিস্থাপন করা হয়েছে। হাজার হাজার ভক্ত এখানে রাধাকৃষ্ণের এসব যুগল মূর্তি দর্শন করেন। প্রতিবছরের মতো এবারও কলাপাড়া পৌর শহরের মদনমোহন সেবাশ্রম প্রাঙ্গণে তিন দিনের মেলা বসেছে। নানান পণ্যের পসরা নিয়ে মেলায় এসেছে দোকানিরা। মেলা প্রাঙ্গণ ছাড়াও আশপাশের রাস্তায়ও বসেছে অসংখ্য দোকানপাট।
কলাপাড়ার মদনমোহন সেবাশ্রমের সাধারণ সম্পাদক নাথুরাম ভৌমিক বলেন, ‘হিন্দু ধর্ম মতে, দ্বাপরযুগে কংস রাজার অত্যাচারে যখন মানবকূল অতিষ্ঠ হয়ে পড়েছিল, তখন সৃষ্টিকর্তার নির্দেশে অত্যাচারী রাজার হাত থেকে মানব জাতিকে রক্ষা করতে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে আবির্ভূত হন। শ্রীকৃষ্ণের অলৌকিক ক্ষমতাবলে কংস রাজাকে বধ করে মানবকুলকে রক্ষা করেন। পরবর্তীতে মানুষের মধ্যে হিংসা, হানাহানি, বিদ্বেষ মোচনের লক্ষ্যে ভ্রাতৃত্ব বন্ধন সুদৃঢ় করতে শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে বৃন্দাবনের তমাল ও কদম কুঞ্জে পূর্ণিমার এই তিথিতে নিষ্কাম প্রেমে মিলিত হয়ে এক উপাখ্যানের রচনা করেন। যা তখন থেকে রাস উৎসবে পরিণত হয়।’