কুয়াকাটায় ভেসে এল আরেকটি মৃত ডলফিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ভেসে আসা মৃত ডলফিন। শনিবার দুপুরে সৈকত এলাকায়
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে আরও একটি মৃত ডলফিন ভেসে এসেছে। শনিবার দুপুরে জোয়ারে ভেসে এলে কুয়াকাটা সৈকত এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠনের এক সদস্যের চোখে পড়ে মৃত ডলফিনটি।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির দলনেতা রুমান ইমতিয়াজ বলেন, ‘কুয়াকাটা সৈকতে একের পর এক মৃত ডলফিন ভেসে আসার ঘটনায় আমরা উদ্বিগ্ন। কেন এগুলো মারা যাচ্ছে, তার কারণ উদ্‌ঘাটন করা জরুরি।’

এর আগে শুক্রবার সকালে জোয়ারে কুয়াকাটার পূর্ব দিকের গঙ্গামতি সৈকত এলাকায় এবং কুয়াকাটা সৈকতের পশ্চিম দিকে দুটি মৃত ডলফিন ভেসে আসে। এ নিয়ে গত ৮ মাসে কুয়াকাটা সৈকতে ১১টি মৃত ডলফিন ভেসে এল।

কুয়াকাটা সৈকত এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ব্লু-গার্ডের সদস্য খলিল আকন জানান, শনিবার দুপুরে জোয়ারে ভেসে আসা ডলফিনটির দৈর্ঘ্য ৭ ফুট। এটির মুখে জাল পেঁচানো রয়েছে।

ওয়ার্ল্ড ফিশের ইকো ফিশ-২ প্রকল্পের পটুয়াখালী জেলার সহকারী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘ডলফিনসহ সমুদ্রের জীববৈচিত্র্যের নিরাপদ আশ্রয় নিশ্চিত করা দরকার। বহুদিন ধরেই আমরা এমন দাবি জানিয়ে আসছি। দ্রুত এদিকে নজর না দিলে সমুদ্রের প্রাণীকূল আরও হুমকিতে পড়বে।’

কলাপাড়া উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অপু সাহা প্রথম আলোকে বলেন, ‘একের পর এক মৃত ডলফিন ভেসে আসার বিষয়টি আমরা মৎস্য অধিদপ্তরের উচ্চ পর্যায়ে জানিয়েছি। এ ছাড়া স্থানীয় প্রশাসনও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে।’

অপু সাহা আরও বলেন, ‘পরবর্তীকালে মৃত ডলফিন পাওয়া গেলে, তার খাদ্যনালি সংরক্ষণ করে কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য পাঠানোর চিন্তা চলছে। অর্থাৎ কী কারণে ডলফিন মারা যাচ্ছে, তার কারণ বের করা হবে। তবে সে ক্ষেত্রে একটা পরিপূর্ণ দিকনির্দেশনা প্রত্যাশা করা হয়েছে। হয়তো এ–সংক্রান্ত একটি দিকনির্দেশনা আমরা দ্রুত পেয়ে যাব। তবে সর্বশেষ ভেসে আসা মৃত ডলফিনটিকে ডলফিন রক্ষা কমিটির সদস্যদের সহায়তায় মাটিচাপা দেওয়া হয়েছে।’