কুয়াশায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চালু
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে আবার চার ঘণ্টার বেশি ফেরি চলাচল বন্ধ ছিল। যানবাহন পারাপার বন্ধ থাকায় উভয় ঘাটে আটকা পড়ে রাতের দূরপাল্লার পরিবহনসহ বিভিন্ন ধরনের যানবাহন। পরে আজ বৃহস্পতিবার সকাল সোয়া আটটার দিকে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাত থেকে কুয়াশা পড়তে থাকে। ভোররাতের দিকে কুয়াশার ঘনত্বও বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ভোররাত চারটার দিকে কর্তৃপক্ষ ফেরি বন্ধ করে দেয়। এ সময় পাটুরিয়া প্রান্তে ঢাকা-আরিচা মহাসড়কে এবং অপর ঘাট দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কেও শতাধিক যানবাহন আটকা পড়ে।
পরে সকাল আটটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে সোয়া আটটার দিকে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে গত দুই দিনে কুয়াশার কারণে দুই দফায় এই রুটে ১৩ ঘণ্টার বেশি ফেরি বন্ধ ছিল।
আজ ভোর থেকে কয়েক ঘণ্টা ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ফেরিঘাট থেকে যাত্রীবাহী বাস, পণ্যবাহী গাড়ি, কার্ভাড ভ্যানসহ ব্যক্তিগত গাড়ি, অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসের লম্বা সারি দেখা গেছে। ফেরিঘাটের সংযোগ সড়ক ও টিকিট কাউন্টারের সামনেও জটলা তৈরি হয়েছে। ঢাকামুখী এসব গাড়ি ফেরিতে উঠতে ৮ থেকে ৯ ঘণ্টা সময় লাগছে বলে জানা গেছে। এদিকে ফেরি বন্ধ থাকায় অনেকে যাত্রীকেই ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে করে পদ্মা নদী পাড়ি দিতে দেখা গেছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে দুই দিন ধরে রাতে ফেরি চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। গতকাল ৯ ঘণ্টা বন্ধের পর আজ দ্বিতীয় দফায় আরও ৪ ঘণ্টা বেশি ফেরি চলাচল বন্ধ ছিল। বৈরী আবহাওয়ার পাশাপাশি ফেরিস্বল্পতার কারণে ঘাটে যানবাহনের বাড়তি চাপ আছে।