কুয়াশায় ৯ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চালু
রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে গতকাল শুক্রবার গভীর রাত থেকে আজ শনিবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত নয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। দীর্ঘ সময় ফেরি বন্ধের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী নৈশ কোচসহ চার শতাধিক পণ্যবাহী গাড়ি নদী পারের অপেক্ষায় আছে। পাটুরিয়া ঘাট প্রান্তেও কয়েক শ গাড়ির লম্বা লাইন তৈরি হয়েছে।
সংবাদের সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মাহাবুব আলী সরদার বলেন, ষষ্ঠ দিনের মতো গতকাল সন্ধ্যার পর থেকে কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশাও বাড়তে থাকে। একপর্যায়ে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে সামনের কিছুই যখন দেখতে পাচ্ছিল না, তখন বাধ্য হয়ে রাত সাড়ে ১০টার দিকে কর্তৃপক্ষ ফেরি বন্ধ করে দেয়। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া ছোট-বড় চারটি ফেরি দুর্ঘটনা এড়াতে মাঝনদীতে নোঙর করে থাকতে বাধ্য হয়। এ ছাড়া আরও কয়েকটি ফেরি ঘাট ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিলেও আর ছাড়তে পারেনি। দৌলতদিয়া প্রান্তে ছয়টি ফেরি এবং বাকি সব ফেরি পাটুরিয়া ঘাট এলাকায় নোঙর করে ছিল।
এই কর্মকর্তা আরও বলেন, রাত শেষে টানা নয় ঘণ্টা পর আজ সকাল সাড়ে সাতটার দিকে কুয়াশা কমতে শুরু করলে ফেরি ছাড়া হয়। এর আগে আজ ভোররাত সাড়ে চারটার দিকে কুয়াশা কিছুটা কম দেখে ঘাট থেকে তিনটি ফেরি ছেড়ে দিলেও বেশি দূর এগোতে পারেনি। চারদিক থেকে কুয়াশা ঘিরে ধরায় বাধ্য হয়ে ফেরিগুলো ঘাটে ফিরে আসে। দীর্ঘ নয় ঘণ্টার মতো ফেরি বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীবাহী নৈশ কোচসহ অন্য গাড়ি নদী পাড়ি দিতে পারেনি। ঢাকাগামী এসব গাড়ি ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আটকা পড়ে। ঘাটের জিরো পয়েন্ট থেকে তিন কিলোমিটার লম্বা লাইনে চার শতাধিক যানবাহন আটকা পড়ে। একইভাবে পাটুরিয়া প্রান্তেও ঢাকা-আরিচা মহাসড়কেও কয়েক শ গাড়ি আটকা পড়ে। তীব্র শীত ও ঘন কুয়াশায় আটকে থাকা যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।