কৃত্রিমভাবে ফোটানো খৈয়া গোখরার ১৫টি বাচ্চা লাউয়াছড়ায় অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃত্রিমভাবে ডিম থেকে ফোটানো ১৫টি খৈয়া গোখরার বাচ্চা লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে
ছবি: প্রথম আলো

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে খৈয়া গোখরার ১৫টি বাচ্চা অবমুক্ত করা হয়েছে। বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় কৃত্রিমভাবে ১৫টি ডিম থেকে এই বাচ্চাগুলো ফোটানো হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, দেড় মাস আগে কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর উত্তর পল্লী গ্রামের একটি বাড়ি থেকে ১৫টি ডিমসহ একটি খৈয়া গোখরা উদ্ধার করেছিল বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। পরে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করলেও ডিমগুলো কৃত্রিম প্রজননের জন্য শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়েছিল। দীর্ঘ ৪৫ দিন নিয়মিত পরিচর্যার পর গত শনিবার ডিমগুলো ফুটে খৈয়া গোখরার ১৫টি বাচ্চা জন্ম নিয়েছে।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, প্রথমবারের মতো সিলেট বিভাগে বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বাক্সের মধ্যে কৃত্রিমভাবে ১৫টি গোখরার ডিম থেকে বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছে।

এ অঞ্চলে কৃত্রিমভাবে গোখরার বাচ্চা ফোটানোর ঘটনা এবারই প্রথম বলে জানান বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী।

আজ মঙ্গলবার বেলা আড়াইটায় ১৫টি সাপের বাচ্চা লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল মিত্র, লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম ও বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।