কৃমিনাশক খেয়ে ভেড়া মারা যাওয়ায় দম্পতিকে সহায়তা
ঝিনাইদহের কালীগঞ্জে কৃমিনাশক খেয়ে মারা যাওয়া ১৩টি ভেড়ার মালিক কৃষক দম্পতিকে ৪টি ভেড়া ও ১০ হাজার টাকা দিয়েছে জেলা পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম উপজেলার কমলাপুর গ্রামে আফজাল হোসেন ও আরজিনা বেগমের বাড়িতে হাজির হয়ে তাঁদের হাতে ভেড়া ও টাকা তুলে দেন।
মুনতাসিরুল ইসলাম বলেন, হতদরিদ্র এই কৃষক দম্পতির যে ক্ষতি হয়েছে, তা দুঃখজনক। এই খবর সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর বিষয়টি পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বেনজীর আহমেদের নজরে আসে। তাঁরই নির্দেশেই এই কৃষক দম্পতিকে ৪টি ভেড়া ও টাকা দেওয়া হয়েছে। কোন কারণে এই ঘটনা ঘটেছে, সেটি পুলিশ অনুসন্ধান করবে বলেও জানান তিনি।
এ সময় সেখানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস হোসেন, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়াসহ অন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কমলাপুর গ্রামের কৃষক দম্পতি আফজাল হোসেন ও আরজিনা বেগম বাড়িতে বিদেশি জাতের ভেড়া পালন করেন। ৩০টি ভেড়াই ছিল তাঁদের অবলম্বন। গত মঙ্গলবার আফজাল হোসেন ভেড়াগুলোর অসুস্থতার ব্যাপারে পরামর্শ নিতে কালীগঞ্জ প্রাণিসম্পদ অধিদপ্তরে যান। ভেড়াগুলো ঠিকমতো খাওয়াদাওয়া ও পায়খানা করছে না, এমন সমস্যার কথা জানানোর পর ওই অফিস থেকে কৃমিনাশক ওষুধ দেওয়া হয়।
এরপর বুধবার ভোরে ১৮টি ভেড়াকে ওই ওষুধ খাওয়ান আফজাল।এর আধা ঘণ্টার মধ্যেই ভেড়া মারা যেতে শুরু করে। দুপুরের মধ্যে ১১টি ভেড়া মারা যায়। বিকেলে আরও দুটি ভেড়ার শারীরিক অবস্থা খারাপ হলে জবাই করা হয়। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোতে ‘কৃমিনাশক সেবনে মৃত্যু, ভেড়াগুলো ছিল নিঃসন্তান দম্পতির অবলম্বন’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।