কৃষক আত্মহত্যায় প্ররোচনাদাতাদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর গোদাগাড়ীতে দুই কৃষকের আত্মহত্যায় প্ররোচনাদাতাদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার বেলা ১১টায় নগরের সাহেব বাজার জিরোপয়েন্টে
প্রথম আলো

রাজশাহীর গোদাগাড়ীতে জমিতে সেচ না পাওয়ায় দুই কৃষকের আত্মহত্যায় প্ররোচনাদাতাদের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ ও জাতীয় কৃষক সমিতি। বক্তারা বলেন, কৃষকের এই ত্যাগ আত্মহত্যা নয়, এটি একটি লড়াই। এটা একজন কৃষকের সর্বোচ্চ প্রতিবাদ। তিনি তাঁর জীবন দিয়ে এই প্রতিবাদ করে গেছেন।

শনিবার বেলা ১১টায় নগরের সাহেব বাজার জিরোপয়েন্টে যৌথভাবে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জাতীয় কৃষক সমিতির রাজশাহী জেলার সহসভাপতি ফরজ আলী মানববন্ধনে সভাপতিত্ব করেন।

বক্তারা বলেন, গত ২৩ মার্চ গোদাগাড়ী উপজেলার নিমঘটু গ্রামের দুই সাঁওতাল কৃষক অভিনাথ মারানডি ও রবি মারানডি তাঁদের ধানখেতে পানি না পেয়ে কীটনাশক পান করে আত্মহত্যা করেন। এ ঘটনার পর তোলপাড় শুরু হলে নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা হয়। ঘটনার ১০ দিন পার হয়ে গেলেও অভিযুক্ত অপারেটরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বক্তারা আরও বলেন, গোদাগাড়ী অঞ্চলে একটি গোষ্ঠী কৃষকদের জিম্মি করে মুনাফা লাভ করে। তাঁদের স্বার্থের বাইরে গেলেই কৃষকেরা নিজেদের ন্যায্যতা হারান। আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে সব সময় বৈষম্যমূলক আচরণ করা হয়। এ নিয়ে আন্দোলন করা হলেও কারও টনক নড়ে না।

মানববন্ধন থেকে বরেন্দ্র উন্নয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত পানি সেচের প্রকল্পের দায়িত্বে থাকা সাখাওয়াত হোসেনের শাস্তি দাবি করে বক্তারা বলেন, গরিব সাঁওতাল কৃষক জমিতে সেচের জন্য পানি চাইতে গেলে পানি না দিয়ে হয়রানি করতে থাকেন সাখাওয়াত হোসেন। তাঁরা এই অপমান সহ্য করতে না পেরে দুঃখে বিষ পান করে আত্মহত্যা করে। এটি শুধু আত্মহত্যা নয়, কাঠামোগত হত্যা। তাঁরা সাখাওয়াত হোসেনের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসানকে প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, মূল বিষয়টি অত্যন্ত পরিষ্কার হওয়া সত্ত্বেও পুলিশ সাখাওয়াতকে এত দিন পরেও গ্রেপ্তার করতে পারেনি। ওসি কামরুল হাসান অদৃশ্য কারণে নীরব ভূমিকা পালন করে ঘটনা চেপে যেতে চাইছেন। তাই কামরুল হাসানকে প্রত্যাহার করে নতুন পুলিশ কর্মকর্তার কাছে তদন্তের দায়িত্ব হস্তান্তর করার দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা ও মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিস প্রামাণিক, কৃষক সমিতির নেতা মতিউর রহমান, জাতীয় আদিবাসী পরিষদের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, আদিবাসী পরিষদের নেতা বিমল চন্দ্র রাজোয়ার, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আদিবাসী পরিষদের নেতা রবিন হেমব্রম।