কৃষক লীগ নেতা মানিক হত্যার বিচার দ্রুত বিচার আইনে আনার আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষক লীগ নেতা নিহত মানিক সরদারের বসতবাড়ি পরিদর্শনে গিয়ে স্থানীয়দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সাংসদ আবদুস সোবহান গোলাপ। শুক্রবার দুপুরে কালকিনি উপজেলার কালিনগর এলাকায়
ছবি: প্রথম আলো

মাদারীপুরের কালকিনি উপজেলার কৃষক লীগ নেতা মানিক সরদারকে হত্যায় জড়িত ব্যক্তিদের বিচার দ্রুত বিচার আইনে করা হবে বলে আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের সাংসদ আবদুস সোবহান। যদিও ঘটনার চার দিন পরও এতে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নিহত মানিক সরদার কালকিনির আলীনগর ইউনিয়নের কালিনগর গ্রামের আলমগীর সরদারের ছেলে। কালকিনি উপজেলা কৃষক লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও উপজেলা মৎস্যজীবী লীগের সহসভাপতি ছিলেন তিনি। আবদুস সোবহান আজ শুক্রবার দুপুরে নিহতের বাড়ি পরিদর্শনে যান। তার কবর জিয়ারত করেন। সাংসদ মানিকের পরিবারের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং এ ঘটনার ন্যায়বিচারের আশ্বাস দেন।

আবদুস সোবহান বলেন, ‘এটা সাধারণ হত্যা নয়। নৃশংসভাবে কুপিয়ে মানিক সরদারকে হত্যা করা হয়েছে। আমরা এই খুনের বিচার চাই। তাই খুনিদের দ্রুত আইনের আওতায় নিয়ে বিচার করতে হবে। খুনের সঙ্গে কারা জড়িত, পুলিশ তার তদন্ত করছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাত আটটার দিকে মানিক সরদারের মুঠোফোনে একটি ফোন আসে। পরে তিনি মোটরসাইকেলে করে কালকিনি সদরের উদ্দেশে রওনা হন। পালরদী নদীর পারে পৌঁছানোর পর দুর্বৃত্তরা তাঁর গতি রোধ করে তাঁকে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। মানিকের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মানিককে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার দুই দিন পর গত বুধবার সকালে আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ওরফে মিলন সরদারসহ ১৭ জনকে আসামি করে মামলা করেন মানিকের স্ত্রী সীমা খানম। মামলা হওয়ার আগের রাতে কৃষক লীগ নেতা মানিক সরদারকে হত্যার জেরে তাঁর সমর্থকেরা দল বেঁধে হাফিজুরের বাড়িতে হামলা ও লুটপাট চালান। পরে হাফিজুরের ঘরসহ ১২টি ঘর ও ১টি ইটভাটায় আগুন ধরিয়ে দেওয়া হয়।

মানিককে হত্যার জেরে বাড়িঘরে লুটপাট ও আগুন দিয়ে পুড়িয়ে ফেলার ঘটনারও তদন্তের আশ্বাস দেন সাংসদ আবদুস সোবহান। স্থানীয় লোকজনের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রেখে বসবাস করবেন।’

মামলার আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে পুলিশের জোরালো ভূমিকা নেই বলে অভিযোগ তুলেছেন মানিক সরদারের স্বজনেরা। নিহত ব্যক্তি বোন আসমা বেগম প্রথম আলোকে বলেন, ‘খুনিদের ধরার ব্যাপারে পুলিশের গাফলতি আছে। তারা নামে মাত্র দুজনকে গ্রেপ্তার করছে। মূল আসামি তারা নয়। হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত আসামিদের ধরছে না পুলিশ। পুলিশ চাইলেই খুনিদের ধরার জন্য সব ধরনের পদক্ষেপ নিতে পারে, কিন্তু তারা তা করছে না। আমরা প্রকৃত দোষীদের শাস্তি চাই, কোনো নিরপরাধ মানুষের হয়রানি চাই না। আমরা কোনো জ্বালাও–পোড়াও চাই না। পুলিশের কাছে আমাদের একটাই দাবি, আমার ভাইকে যারা খুন করেছে, তাদের গ্রেপ্তার করুন। আমরা তাদের ফাঁসি চাই।’

মানিক সরদারের বাড়িতে পরিদর্শনকালে সাংসদের সঙ্গে কালকিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌর মেয়র বি এম হানিফ, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, আলী নগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাহিদ পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।