কৃষক হাসিম অসুস্থ, মাথা উঁচু করে দাঁড়িয়ে তাঁর লাগানো তালগাছগুলো
‘তাইন (তিনি) বাইচ্চাইনতরেও (ছেলেমেয়েদের) তালর বড়া (বীজ) খাইতে দিতা না। বড়া লইয়া বাইর অইতা (বের হতেন)। সারা পথও গাছ লাগাইতা। আমরাও বাধা দিতাম না। তান (তাঁর) ভালা লাগত, লাগাউকা (লাগান)। খালি কইতা (শুধু বলতেন), মানুষ গাছর তলে বইবোনে), তাল খাইবোনে। গাছগাছালি লাগানো তান (তাঁর) শখ।’
কথাগুলো বলছিলেন মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুরা ইউনিয়নের রায়পুর গ্রামের হাসিম মিয়ার (৮০) স্ত্রী সুরমা বেগম (৫৯)। একটি গ্রামীণ সড়কের দুপাশে প্রায় ৫০ বছর আগে তালবীজ রোপণ শুরু করেছিলেন হাসিম। তাঁর রোপণ করা বীজের এই তালগাছের কোনোটিতে এখন তাল ধরছে। কোনোটি কেবল মাটির ওপর মাথা তুলেছে। বছর দুই-তিন ধরে শারীরিকভাবে অসুস্থ হাসিম। তাই থেমে গেছে তাঁর তালবীজ রোপণের নীরব কাজটিও।
সরেজমিনে দেখা গেছে, মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা-নতুন ব্রিজ সড়কের দুই পাশে প্রায় সাত কিলোমিটার এলাকার মধ্যে কোথাও একলা, কোথাও সারি বাঁধা নানা উচ্চতার তালের গাছ। বড় গাছের কোনোটিতে তাল ধরছে। সেসব গাছ থেকে অনেকেই বিক্রির জন্য কচি অবস্থাতেই তালের শাঁস কেটে নিয়ে যান। পাকা তাল কুড়িয়ে নেন আশপাশের লোকজন। আবার কাছাকাছি সময়ের গাছও আছে। যেগুলো মাত্র কয়েক বছরের। ৪-৫ ফুট উচ্চতায় পাতা ছড়িয়ে মাথা তুলছে আকাশের দিকে।
পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসিম মিয়া কৃষিকাজ করতেন। তাই নিয়েই ছিল তাঁর ব্যস্ততা। কৃষিকাজের ফাঁকে ফাঁকে সেই তারুণ্যের সময় প্রায় ৫০ বছর আগে নিজের অন্তর্গত তাড়না থেকে শুরু করেন এলাকার একাটুনা-নতুন ব্রিজ সড়কের দুই পাশসহ বিভিন্ন স্থানে তালের বীজ রোপণ করা। ভাদ্র মাসে তাল পাকার সময় ছালার ব্যাগে করে তালবীজ নিয়ে বের হতেন। সঙ্গে থাকত মাটি খোঁড়ার যন্ত্র। অনেকেই কৌতূহল নিয়ে দেখতেন। তাতে হাসিম মিয়ার কোনো ভ্রুক্ষেপ ছিল না। কে কী বলল, সেদিকে তাঁর কোনো খেয়াল নেই। তিনি নীরবে নিজের মতো সড়কের দুপাশের ফাঁকা স্থানে বীজ রোপণ করে দিতেন।
একদিন সেই বীজ থেকে মাটি ফুঁড়ে গাছ মাথা তুলেছে। কিছু কিছু গাছ মানুষের অসচেতনতার কারণে নষ্ট হয়েছে। মানুষ ছোট গাছের সঙ্গে দড়ি দিয়ে গরু-ছাগল বেঁধে রেখেছে। এতে গাছ হয় উপড়ে পড়েছে, নয়তো মরে গেছে। তবে বেঁচে যাওয়া গাছের সংখ্যাও শতাধিক। এগুলোর বয়স চার-পাঁচ থেকে শুরু করে ৪০-৫০ বছর।
স্থানীয় সামাজিক সংগঠন ইটা ইসলামী সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রাজন আহমদ বলেন, ‘আমি ছোটবেলা থেকে দেখেছি তিনি ব্যাগের মধ্যে তালের বীজ নিয়ে হাঁটতেন। বিভিন্ন স্থানে তালের বীজ রোপণ করতেন। কী করছেন জিজ্ঞেস করলে আস্তে বলতেন, তালগাছ রুই (রোপণ করি)।’ রাজন আহমদ আরও বলেন, তিনি ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত এ এলাকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসা–যাওয়া করতেন। এ সময়েও তালের বীজ রোপণ করতে দেখেছেন। এখন এই সড়কের দুই পাশে যে শতাধিক তালগাছ আছে, তা তাঁরই লাগানো। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত প্রতিবছরই বীজ লাগিয়েছেন। কিছু গাছ তাই এখনো অনেক ছোট।
হাসিমের স্ত্রী সুরমা বেগম জানিয়েছেন, তাঁদের বিয়ের আগে থেকেই হাসিম মিয়া তালবীজ রোপণ শুরু করেছেন। এটা শুরু হয়েছিল হাসিম মিয়ার মামার বাড়ি থেকে। মামার বাড়িতে অনেকগুলো তালগাছ ছিল। ভাদ্র মাসে তাল পাকলে সেখান থেকে তিনি তালের বীজ নিয়ে আসতেন। একাটুনা বাজারে ব্যাংকের কাজ, কেনাকাটাসহ নানা কাজে যেতেন। যাওয়ার সময় ব্যাগে করে তালবীজ নিয়ে যেতেন।
বছর তিনেক আগে হাসিম মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অসুস্থ হয়ে পড়েন। এর আগপর্যন্ত তিনি ধারাবাহিক এ তালবীজ রোপণ করেছেন। তবে শুধু তালগাছই নয়, বাড়িতে অন্যান্য ধরনের গাছও লাগিয়েছেন তিনি। গাছপালার প্রতি তাঁর আলাদা মায়া-মমতা।
অসুস্থ হাসিম মিয়ার সঙ্গে কথা বলতে গেলে তিনি কেঁদে ফেলেন। অসুস্থতার কারণে তাঁর স্মৃতিবিভ্রাট ঘটেছে। কোনো কিছুই মনে করতে পারেন না। তবে তাল নিয়ে কথা বললে তাঁর চেহারায় একধরনের উজ্জ্বল আলো ফুটে ওঠে। বোঝা যায়, কিছু বলতে চান। বিষয়টি ভেতরে–ভেতরে তাঁকে নাড়া দিচ্ছে। কিন্তু কিছুই বলতে পারেন না।