কৃষকের কার্ড নিয়ে সরকারি গুদামে গম দিচ্ছেন ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারিভাবে স্থানীয় খাদ্যগুদামে গম কেনা হচ্ছে। এর বিল দেওয়া হচ্ছে উপকরণ সহায়তা কার্ডধারী কৃষকের ব্যাংক হিসাবের মাধ্যমে। কিন্তু ৪০০ টাকা কৃষিভাতা দেওয়ার কথা বলে কৃষকের কাছ থেকে এই কার্ড নিয়ে তাঁর (কৃষকের) ব্যাংক হিসাবের মাধ্যমেই ব্যবসায়ী তিন টন গমের দাম বাবদ তুলে নিচ্ছেন ৮৪ হাজার টাকা। রাজশাহীর পুঠিয়া উপজেলা খাদ্যগুদামে এভাবেই গম সংগ্রহ করা হচ্ছে।
নিয়ম অনুযায়ী সরকার কৃষকের কাছ থেকে সরাসরি গম-ধান কিনবে। কৃষক যাতে কোনোভাবেই বঞ্চিত না হয়, এ জন্য উপজেলা কৃষি কার্যালয় থেকে প্রত্যেক কৃষকের জন্য উপকরণ সহায়তা কার্ড করে দেওয়া হয়েছে। কার্ডধারী কৃষকেরাই সরকারি খাদ্যগুদামে নিজের উৎপাদিত ফসল সরবরাহ করতে পারবে এবং বিক্রির টাকা তাঁদের ব্যাংক হিসাবে জমা হবে।
এবার সরকারিভাবে প্রতি কেজি গমের দর দেওয়া হয়েছে ২৮ টাকা করে। একজন কৃষক সর্বোচ্চ তিন টন গম সরবরাহ করতে পারবেন। এবার পুঠিয়া খাদ্যগুদামে ১ হাজার ২৪৬ মেট্রিক টন গম কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ এপ্রিল থেকে এই মৌসুমের গম সংগ্রহ অভিযান শুরু করার কথা থাকলেও ৩৫ দিন পরে গত ১৬ মে এখানে গম সংগ্রহ অভিযান শুরু করা হয়।
এলাকার কয়েকজন ব্যক্তি অভিযোগ করেন, পুঠিয়ার গন্ডগোহালী গ্রামের কহিনুর রাইস মিল অ্যান্ড চাতালের স্বত্বাধিকারী নজরুল ইসলাম খাদ্যগুদামে সব গম সরবরাহের চুক্তি করেছেন। এ জন্য তিনি দালালের মাধ্যমে কৃষকদের কাছ থেকে ৫০০ টাকা করে কার্ড সংগ্রহ করেছেন। এর মধ্যে দালালকে ১০০ টাকা ও কৃষককে ৪০০ টাকা করে দিচ্ছেন। এই ৪০০ টাকা দেওয়ার জন্য নির্ধারিত দিনে কৃষককে ব্যাংকে ডেকে আনা হচ্ছে। তাঁর চেকের মাধ্যমে তিন টন গমের দাম হিসেবে ৮৪ হাজার টাকা তুলে নেওয়া হচ্ছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অভিযোগ অবাস্তব ও ভিত্তিহীন। এ কথা বলেই তিনি সংযোগ কেটে দেন।
গত শনিবার খাদ্যগুদামে গিয়ে দেখা যায়, ট্রাক ও ট্রলিতে করে খাদ্যগুদামে গম সরবরাহ করা হচ্ছে। তদারকি করছেন নিরাপত্তাকর্মী নূরুল ইসলাম। তিনি বলেন, এ পর্যন্ত ৫৫২ টন গম কেনা হয়েছে। সেখানে কোনো কৃষককে পাওয়া যায়নি। তবে ব্যবসায়ী নজরুল ইসলামকে সেখানে দেখা যায়।
খাদ্যগুদামের ভারাপ্রাপ্ত কর্মকর্তা তরিকুজ্জামান উপস্থিত ছিলেন না। নিরাপত্তাকর্মী নুরুল ইসলামের মুঠোফোনে তাঁর সঙ্গে কথা হয়। কৃষকের তালিকা দেখতে চাইলে তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি ছাড়া তালিকা দেখানো যাবে না।
গত রোববার দুপুরে অগ্রণী ব্যাংকের পুঠিয়া শাখায় দেখা যায়, ব্যাংকের সামনে সাত-আটজন কৃষক বসে আছেন। তাঁদের একজনের কাছে জানতে চাইলে তিনি বলেন, কার্ডের ভাতা হিসেবে তাঁদের ৪০০ টাকা করে দেওয়া হচ্ছে। খাদ্যগুদামে গম দিয়েছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, এখানে যেসব কৃষক এসেছেন সবাই ৪০০ টাকা নিয়ে চেকে সই দিয়ে দিচ্ছেন। কেউ গম দেননি। অন্যদের সঙ্গে কথা বলতে যাওয়ার আগেই নজরুল ইসলাম এলেন। তিনি সবাইকে নিয়ে হিসাব করতে বসলেন।
ব্যাংক থেকে কৃষকদের তালিকা নিয়ে দেখা গেল, উপজেলার পালোপাড়া, গন্ডগোহালী, তারাপুর ও গোপালহাটি গ্রামের কৃষকের নামই বেশি। নমুনা যাচাই হিসেবে তারাপুর গ্রামের তিনজন কৃষকের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলা হয়। গ্রামে গিয়ে জানা গেল, তাঁদের একজন দিনমজুর, একজন ভ্যানচালক ও একজন কৃষক (তাঁর নিজের জমি নেই)। তবে তাঁরা ভয়ে নাম প্রকাশ করতে চান না।
দিনমজুরকে বাড়িতে পাওয়া যায়নি। ভ্যানচালকও বাড়িতে ছিলেন না। তাঁর ভাতিজা বলেন, চাচা ভ্যান চালান। কাঠা পাঁচেক জমিতে গম চাষ করেছিলেন। কিন্তু গম বিক্রি করেননি।
উপজেলা কৃষি কর্মকর্তা মঞ্জুর হোসেন বলেন, তাঁর কাছে তালিকা চাওয়া হয়েছে। যার যতটুকু গম হয়েছে তিনি সেই তালিকা দিয়েছেন। কে বিক্রি করছে না করছে, এটা তাঁর বিষয় নয়।