কৃষকের ঘর ভেঙে ডোবায় ফেললেন ইউপি সদস্য
জমি নিয়ে বিরোধের জেরে নাটোরের গুরুদাসপুরে এক কৃষকের ঘর উচ্ছেদ করে ডোবায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে। আজ বুধবার সকালে উপজেলার মশিন্দা ইউনিয়নের দড়িহাঁসমারী গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ইউপি সদস্যের (৭ নম্বর ওয়ার্ড) নাম আবদুর রউফ। ভুক্তভোগী কৃষক শাহাদৎ হোসেনের অভিযোগ, তাঁর পৈতৃক সূত্রে পাওয়া প্রায় এক বিঘা জমি দখল করে ভোগ করছিলেন আবদুর রউফের বড় ভাই আবদুল কুদ্দুস। গ্রাম্য সালিসে সেই জমির দখল বুঝে পান শাহাদৎ। সেখানে একটি ঘর তুলে বসবাস করছিলেন তাঁর বৃদ্ধ মা–বাবা।
আজ সকালে রউফের নেতৃত্বে তাঁর ভাই আবদুল কুদ্দুসসহ ১৫ থেকে ২০ জনের একটি দল সেখানে গিয়ে বসতঘর উচ্ছেদ করে পাশের ডোবায় ফেলে দেয়। শাহাদৎ হোসেনের বৃদ্ধ মা–বাবা বাধা দিতে গেলে তাঁদেরও মারধর করে পানিতে ফেলা হয় বলে অভিযোগ।
কৃষক শাহাদৎ হোসেন আরও জানান, তিনি অন্যের জমিতে মজুরি খেটে বৃদ্ধ মা–বাবাকে নিয়ে কোনো রকমে টিকে আছেন। রউফ জনপ্রতিনিধি ও প্রভাবশালী হওয়ায় তিনি ঘটনার প্রতিবাদ করার সাহস পাননি। বসতবাড়ি উচ্ছেদের কারণে তাঁর আর্থিক ক্ষতিও হয়েছে।
ওই কৃষকের বসতঘর ভেঙে ডোবায় ফেলে দেওয়ার অভিযোগের বিষয়ে ইউপি সদস্য আবদুর রউফ বলেন, তাঁর ভাই আবদুল কুদ্দুসের জমিতে বসতঘর করে বসবাস করছিলেন শাহাদতের মা–বাবা। অনেক বলার পরও দখল না ছাড়ায় উচ্ছেদ করতে বাধ্য হয়েছেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, তিনি ঘটনাটি জেনেছেন। ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।