যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের কৃষক নাজিম উদ্দিন মোড়ল এবার ৩৬ শতক জমি চাষ করে ৯ মণ গম পেয়েছেন। খাওয়ার জন্য ২ মণ রেখে ৭ মণ গম তিনি বাজারে বিক্রি করে দিয়েছেন। কিন্তু উপজেলা খাদ্যগুদামের গম সরবরাহের যে তালিকা তাতে তাঁর নাম রয়েছে। তালিকা অনুসারে তিনি গত ২১ জুন খাদ্যগুদামে ১ হাজার ৫৫০ কেজি (৩৮ মণ ৩০ কেজি) গম সরবরাহ করেছেন।
জানতে চাইলে কৃষক নাজিম উদ্দিন মোড়ল বলেন, ‘সত্যি কথা বলতে কি, আমি গোডাউনে কোনো গম দিইনি। ব্যবসায়ী শফিকুর রহমান আমার সঙ্গে দেখা করে বললেন, তিনি আমার নামে গোডাউনে গম দেবেন। আমি বললাম, এতে আমার কোনো অসুবিধা হবে কি না? তিনি বললেন, না। এরপর তিনি আমার কৃষি কার্ড নিয়ে গেলেন। ব্যাংকে আমার কোনো অ্যাকাউন্ট ছিল না। উনি আমার ছবি তুলে ১০০ টাকা ব্যাংকে দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন। পরে আমার সই দিয়ে ব্যাংক থেকে গমের টাকা তুলেছেন। আমাকে উনি ১ টাকাও দেননি।’
কৃষক নাজিম উদ্দিন মোড়লের ভাইয়ের ছেলে শংকরপাশা গ্রামের মাহাবুব মোড়ল এবার গম চাষ করেছেন ৪২ শতক জমিতে। তিনি গম পেয়েছেন ১২ মণ। সব গম তিনি বাজারে বিক্রি করে দিয়েছেন। অথচ গত ২১ জুন খাদ্যগুদামে তাঁর নামে সরবরাহ করা হয়েছে ১ হাজার ৪৫০ কেজি (৩৬ মণ ২৫ কেজি) গম।
মাহাবুব মোড়ল বলেন, ‘আমি গোডাউনে কোনো গম দিইনি। তবে আমার কৃষি কার্ড নিয়ে শফিকুর রহমান গম দিয়েছেন। উনি আমাকে বলেছিলেন, গোডাউনে ওনার একটি বিল বাকি আছে। আমার কৃষি কার্ড দিলে উনি তাড়াতাড়ি বিলটি পাবেন। ওনার তাতে উপকার হবে। সেইভাবে কার্ড দিয়েছি। পরে ব্যাংক থেকে টাকা ওঠানোর সময় সই করে দিয়েছি। এখন বুঝতে পারছি উনি আমার নামে গম দিয়েছেন।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, চলতি বছর অভয়নগর উপজেলায় গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় পাঁচ মেট্রিক টন। গত ১৮ এপ্রিল শুরু হয়ে ৩০ জুন সংগ্রহ অভিযান শেষ হয়েছে। প্রতি কেজি গমের দাম নির্ধারণ করা হয় ২৮ টাকা। সূত্র জানায়, গত ২১ জুন ৩ জন কৃষক খাদ্যগুদামে ৫ মেট্রিক টন গম সরবরাহ করেন। এর মধ্যে উপজেলার রানাগাতী গ্রামের কৃষক শহিদুল শেখ ৩ মেট্রিক টন, শংকরপাশা গ্রামের নাজিম মোড়ল ১ হাজার ৫৫০ কেজি এবং একই গ্রামের কৃষক মাহাবুব মোড়ল ১ হাজার ৪৫০ কেজি গম সরবরাহ করেছেন।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, অভয়নগর উপজেলায় এবার ২২০ জন কৃষক ৩০ হেক্টর জমিতে গম চাষ করেছেন। উৎপাদন হয়েছে ৯৩ মেট্রিক টন গম।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে বর্তমানে গমের দাম প্রতি কেজি ১৭ থেকে ২০ টাকা। আর সরকারি দর প্রতি কেজি ২৮ টাকা। এই কারণে নওয়াপাড়া বাজারের শফিকুর রহমান ও জীবন কৃষ্ণ সাহা বাজার থেকে কম দামে গম কিনে তিনজন কৃষকের নামে ২১ জুন গুদামে সরবরাহ করেছেন।
রানাগাতী গ্রামের কৃষক শহিদুল শেখ চলতি বছর ৭৫ শতক জমিতে গম চাষ করে ২৪ মণ গম পেয়েছেন। তিনি উপজেলা খাদ্যগুদামে গম সরবরাহ করেছেন ৫৫ মণ। শহিদুল শেখ বলেন, ‘ব্যবসায়ী জীবন কৃষ্ণ সাহা আমাকে তাঁর অফিসে ডেকে নিয়ে গিয়ে বলেন, “তোমার নামে এক টন গম পাস হয়েছে। কিন্তু আজ শেষ দিন।” আমাকে ব্যাংকে নিয়ে অ্যাকাউন্ট খুলে তিনি চেকে সই করিয়ে নেন। এরপর গোডাউনে নিয়ে আবার সই করিয়ে নেন। আমি গোডাউনে কোনো গম দিইনি, টাকাও নিইনি। উনি আমাকে এক হাজার টাকা দিয়েছিলেন। আমি সে টাকাও ফেরত দিয়েছি।’
ব্যবসায়ী শফিকুর রহমান বলেন, ‘আমি চাল-গমের ব্যবসা করি না। আমি কৃষকের নামে গুদামে কোনো গম দিইনি। কোনো কৃষক অভিযোগ করে থাকলে সেটা ঠিক নয়।’
ব্যবসায়ী জীবন কৃষ্ণ সাহা বলেন, ‘বিষয়টি আমি ভালোভাবে বলতে পারব না। আমি শুনেছিলাম, গুদামে পাঁচ টন গম বরাদ্দ হয়েছে। তিনজন কৃষকের কাছ থেকে ওই গম নেওয়া হয়েছে।’
অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান লিটন বলেন, ‘আমি উপজেলা খাদ্যশস্য সংগ্রহ কমিটির সদস্যসচিব। কৃষি বিভাগ থেকে কৃষক এবং খাদ্যশস্য উৎপাদনের তালিকা নিয়ে খাদ্যগুদামে সরবরাহ করা হয়। এরপর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেই তালিকা অনুযায়ী কৃষকদের কাছ থেকে খাদ্যশস্য সংগ্রহ করেন। এই ক্ষেত্রেও তা-ই করা হয়েছে।’
নওয়াপাড়া খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম ইকবাল হোসেন বলেন, ‘তালিকা দেখে তিনজন কৃষকের কাছ থেকে গম সংগ্রহ করা হয়েছে। একই দিনে তাঁরা গম সরবরাহ করেছেন।’