কৃষি উপকেন্দ্রের জমি দখল

গত সোমবার রাতে সেখানে প্রাচীর নির্মাণ শুরু হলে পুলিশ গিয়ে ওই কাজ বন্ধ করে দেয়।

বালু ফেলে ও টিনের চাল দিয়ে দখল করা হয়েছে বাংলাবাজার কৃষি উপকেন্দ্রের জমি। গত সোমবারের ছবিপ্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীন বাংলাবাজার কৃষি উপকেন্দ্রের জমি দখল করে দোকান, চলাচলের পথ এমনকি সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে। এ ঘটনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। এরপরও গত সোমবার রাতে সেখানে প্রাচীর নির্মাণ শুরু হলে পুলিশ গিয়ে ওই কাজ বন্ধ করে দেয়। গতকাল বৃহস্পতিবার সেখানে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার মাপজোক করেন।

বাংলাবাজার কৃষি উপকেন্দ্রের জমির অবস্থান দৌলতখানের উত্তর-জয়নগর ইউনিয়নের মধ্য-জয়নগর গ্রামে। ভোলা-চরফ্যাশন সড়কের পাশে ‘বাংলাবাজার কৃষি-উপকেন্দ্র’ নামে একটি বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। ২০২০ সালের মাঝামাঝি সময়ে ভবনটির নির্মাণকাজ শুরু হয়। নির্মাণাধীন ভবনের পেছনে আরও দুটি পরিত্যক্ত ভবন আছে। যেগুলো একসময় এলাকার কৃষকদের কাছে ‘বীজ-ওষুধের ঘর’ নামে পরিচিত ছিল।

সরেজমিন দেখা যায়, পরিত্যক্ত ভবন দুটির পেছনে পূর্ব দিকে কৃষি বিভাগের সীমানা পিলার। এর পাশে টিনের বেড়া দেওয়া। ওই বেড়া দিয়েছেন স্থানীয় মাকসুদ খান ও তাঁর লোকজন। সড়কের পাশে আগে থেকেই তাঁরা সাত-আটটি দোকান তৈরি করে ভাড়া দিচ্ছেন। এখন তাঁরা পশ্চিম পাশে সড়ক ও বাংলাবাজারের দিকের জমি দখল করেছেন। জমির মাঝ বরাবর সীমানাপ্রাচীর তুলছেন। তাঁদের দখল করা জমির পরিমাণ প্রায় সাড়ে ৪ শতাংশ। খোঁজ নিয়ে জানা যায়, ১২ অক্টোবর নতুন করে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু হয়। এরপর ১৫ অক্টোবর থানায় জিডি করে কৃষি বিভাগ। পরে ওই নির্মাণকাজ বন্ধ করা হয়। সোমবার রাতে আবার নির্মাণকাজ শুরু করেন মাকসুদ খান।

এ ছাড়া দক্ষিণ সীমানায় রয়েছে শামীম কাজী নামের এক ব্যক্তির বহুতল ভবন। তিনি আগের সীমানাপ্রাচীর ভেঙে প্রায় ১ শতাংশ জমিতে লম্বালম্বি বালু ফেলে কৃষি বিভাগের জমি দখল করেছেন। ভবনের দেয়ালের সঙ্গে উত্তর-দক্ষিণ বরাবর টিনের চালা তুলেছেন। তাঁর বিরুদ্ধে কৃষি বিভাগের জমির সীমানা পিলার ভাঙার অভিযোগ আছে। শামীম কাজী এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘১৯৯৬ সালের এক সালিসে হাঁটার জন্য সরু একটি পথ দেওয়া হয়। সেই পথে হাঁটা যায় না। পথটি প্রশস্ত করার জন্য বালু ফেলেছি। কৃষি বিভাগ যদি জমি পায়, আমি জমি ছেড়ে দেব।’

সড়কের পাশে কয়েকটি দোকান রয়েছে। সেখানে প্লাস্টিক সরঞ্জামের ব্যবসা করেন জসিম উদ্দিন। তিনি বলেন, ‘দোকান ভাড়া নিয়ে ব্যবস্থা করছি। আগে ভাড়া নিতেন সালেম দফাদার। এখন নিচ্ছেন জমির নতুন দাবিদার মাকসুদ খান।’

কয়েকজন ব্যবসায়ী জানান, কৃষি বিভাগের সিড সেন্টারের সামনের জমি ছিল ডোবা-নালা ও পরিত্যক্ত। তখন যে যেমন পেরেছেন, দখল করে দোকান তুলেছেন। কৃষি বিভাগ বাধা দেয়নি। জমি ভরাট হওয়ার পরে মাকসুদ খান সরকারি এসব জমির মালিকানা দাবি করছেন। অথচ কয়েক দশক ধরে এলাকাবাসী এই জমি কৃষি বিভাগের বলেই জেনে এসেছে।

রাতের আঁধারে সীমানাপ্রাচীর তোলার অভিযোগ অস্বীকার করে মাকসুদ খান বলেন, ‘কৃষি বিভাগের জমি ৩১ নম্বর দাগে। কিন্তু ৩ নম্বর দাগের জমি দখল করতে চাইছে। এটা নিয়েই বিরোধ। ইউএনও আমাদের ডেকেছেন কাগজপত্র নিয়ে বসার জন্য। কিন্তু আমার চাচার আসার কারণে অপেক্ষা করছি।’

বাংলাবাজার কৃষি উপকেন্দ্রের উপসহকারী কৃষি কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, দুপক্ষের উপস্থিতিতে গতকাল জমি পরিমাপ করা হয়েছে। এ বিষয়ে রবি বা সোমবারের মধ্যে সহকারী কমিশনারের কার্যালয় থেকে প্রতিবেদন দেওয়া হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভোলা কার্যালয়ের উপপরিচালক আবু এনায়েতউল্যাহ বলেন, সেখানে কৃষি সম্প্রসারণ বিভাগের ৩৩ শতাংশ জমি রয়েছে। ১৯৭৬ সাল থেকে নিয়মিত ওই জমির খাজনা দেওয়া হচ্ছে। দখলদার সরকারি জমিতে মার্কেট করার অন্য দাগে সরাতে চাইছে।