সুনামগঞ্জের ফসলহারা কৃষক পরিবারের সরকারি কৃষিঋণ ও বেসরকারি সংস্থা (এনজিও) থেকে নেওয়া সব ধরনের ঋণ মওকুফের দাবিতে গতকাল শনিবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ সংগঠনের উদ্যোগে বেলা ১১টায় পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জের কৃষকেরা হাওরের ফসল হারিয়ে এখন নিঃস্ব, দিশেহারা। হাওর এলাকায় দেখা দিয়ে খাদ্যাভাব। এ অবস্থায় কৃষকদের কৃষি ও বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে নেওয়া ঋণ পরিশোধ করা কোনোভাবে সম্ভব নয়। কিন্তু এনজিওগুলো ঋণের কিস্তির জন্য প্রতিদিন কৃষকদের বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে। সরকার কৃষিঋণের অর্ধেক সুদ মওকুফের ঘোষণা দিয়েছে। কৃষকদের বাঁচাতে সব ধরনের পুরো ঋণ মওকুফ করতে হবে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সুনামগঞ্জে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি হোসেন তওফিক চৌধুরী, আয়োজক সংগঠনের আহ্বায়ক বজলুল মজিদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান ও বিজন সেন রায়, সদস্যসচিব বিন্দু তালুকদার, সদস্য রুহুল তুহিন, কৃষকনেতা অমর চাঁদ দাশ, তাহিরপুর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রৌজ আলী, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচও আন্দোলনের সংগঠক এনাম আহমেদ প্রমুখ।
জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, সুনামগঞ্জে এবার ১৫৪টি হাওরে ২ লাখ ২৩ হাজার ৮২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। এর মধ্যে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ১ লাখ ৬৬ হাজার ৬১২ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার ৩ লাখ ২৫ হাজার ৯৯০ কৃষক পরিবার। তবে স্থানীয় কৃষক-জনপ্রতিনিধিরা বলছেন, হাওরের ৯০ শতাংশ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।