কৃষি কর্মকর্তার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার দায়ের করা মামলায় গত মঙ্গলবার রাতে কাঁঠালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহরাব হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে গ্রেপ্তারের প্রতিবাদে রাতেই থানা ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা। এ ছাড়া তাঁরা গতকাল বুধবার উপজেলা শহরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে সমাবেশ করেছেন।
গত রোববার সোহরাব হোসেনের হাতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদেকুজ্জামান লাঞ্ছিত হন। পরে গত সোমবার সাদেকুজ্জামান বাদী হয়ে থানায় সোহরাব হোসেনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনের নামে মামলা করেন। সোহরাব হোসেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেনের ছোট ভাই।
পুলিশ জানায়, মঙ্গলবার রােত কাঁঠালী গ্রামের নিজ বাসভবনের সামনে থেকে সোহরাবকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রাত ১১টার দিকে সোহরাব হোসেনের পরিবারের সদস্য ও দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে থানার সামনে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ লোকজন। এ ছাড়া গতকাল বেলা ১১টার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীসহ সহস্রাধিক লোক বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আনছার আলী, সাধারণ সম্পাদক সহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জাহেদ আলী, পৌর আওয়ামী লীগের সম্পাদক আবদুল মজিদ প্রমুখ। সমাবেশে বক্তারা চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং দুর্নীতিবাজ, কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানান। থানার ওসি দিলওয়ার হাসান বলেন, সাদেকুজ্জামানকে কারাগারে পাঠানো হেয়ছে।