কৃষি পর্যটনে আশা জাগাচ্ছে রাজশাহীর সাদীর আমের বাগান
সিলেটে আছে চা–বাগান, রাজশাহীতে আমবাগান। চা–বাগানের টানে পর্যটকেরা ছুটে যান সিলেটে। তাহলে আমবাগানের টানে কেন নয়? এই ভাবনাকে কাজে লাগিয়ে রাজশাহীতে কৃষি পর্যটনের সম্ভাবনা তৈরি করেছেন এক যুবক। ইতিমধ্যে ফুলে ফুলে সাজানো এই বাগানে ৫০ টাকার টিকিট কেটে দর্শনার্থীরা ঢুকছেন।
বাগানটির অবস্থান রাজশাহী শহর থেকে প্রায় ৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে গোদাগাড়ী উপজেলার পলাশবাড়ী গ্রামে। ১৩ বিঘা আয়তনের এই বাগানে রয়েছে বিভিন্ন জাতের ৩৫০ আমগাছ। ১৫ থেকে ১৬ বছর বয়সী গাছগুলোর বেশির ভাগই গোপালভোগ, ক্ষীরশাপাতি, ল্যাংড়া ও লকনা। বাগানে ২০টি লিচুগাছও রয়েছে। আছে একটি পুকুর।
কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র গড়ে তোলার স্বপ্ন নিয়ে গত সাত বছর বাগানটিতে কাজ করছেন হাসান আল সাদী নামের এক যুবক। তাঁর বাড়ি চাঁপাইনাবগঞ্জ সদরে। আইনে স্নাতকোত্তর এ যুবক তাঁর এক আত্মীয়ের বাগান নিয়ে এ স্বপ্নের সূচনা করেছেন। আমবাগানটি বছরের ৯ মাসই পড়ে থাকে। তাঁর পরিকল্পনা হচ্ছে এ সময় আমবাগানের বিভিন্ন রকমের উপযোগিতা তৈরি করে দর্শনার্থী টানা। যেমন গত অক্টোবর মাস থেকে বাগানে চলছে ফুলের কারবার।
ড্রিমার্স গার্ডেন নামের বাগানজুড়ে এখন ফুলের মেলা বসানো হয়েছে। আমবাগানে ফুটেছে ছয় রঙের মোহনীয় টিউলিপ ফুল। গাছের ডালে ডালে শোভা পাচ্ছে বাহারি ফুলের টব। সময় কাটানোর জন্য করা হয়েছে বিভিন্ন কর্নার। বাগানের পুকুরে ভাসছে ফুলের নৌকা। এরপর আসছে আমের মৌসুম। গাছে পাকা আম দেখার একটা আনন্দ আছে। ইচ্ছেমতো দর্শনার্থীরা পাকা আম পেড়ে খেতে পারবেন, নিতে পারবেন। তারপর তিনি আবার নতুন একটা কিছু করবেন। অবশ্যই তা কৃষিভিত্তিক। এতে সারা বছরই বাগানটি দর্শনার্থীদের জন্য একটি পর্যটনকেন্দ্র হয়ে থাকবে বলে জানালেন হাসান আল সাদী।
১ ফেব্রুয়ারি বাগান ঘুরে দেখা যায়, চারদিকে শুধু রঙের ছাড়াছড়ি। এই রং ১৬ জাতের ফুলগাছ দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ছয় রঙের টিউলিপ, পিটুনিয়া, পাঁচ ধরনের ইনকা গাঁদা, হাইব্রিড নয়নতারা, গেজিনিয়া, ভারবিনা, গ্লাডিওলাস, সালভিয়া, মেলোসিয়া, ড্রপ চন্দ্রমল্লিকা, পেনজি ইত্যাদি।
সপরিবার এ বাগান দেখতে এসেছেন রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের প্রশিক্ষক রোকেয়া সুলতানা। তাঁদের সঙ্গে বাচ্চাকে নিয়ে ঘুরতে এসেছেন সাফিয়া মার্জিয়া। অনেক সময় ধরে তাঁরা বাগানটি ঘুরে দেখে মুগ্ধতার কথা জানালেন।
হাসান আল সাদী বলেন, তাঁরা চান, ক্রেতারা বাগানে আসবেন, গাছে পাকা আম দেখবেন, নিজ হাতে পাড়বেন, খাবেন, কিনে নিয়ে যাবেন। এখন টমেটো ওষুধ দিয়ে পাকানো হয়। তাঁদের গাছে টমেটো থাকবে। দর্শনার্থীরা আসবেন। নিজ হাতে গাছ থেকে পাকা টমেটো তুলবেন, নিয়ে যাবেন। তিনি বলেন, ‘এভাবে কৃষিতে নতুন মাত্রা যোগ করার চেষ্টা করছি, যার মাধ্যমে আমরা এখানে কৃষিভিত্তিক পর্যটন স্বপ্ন দেখছি।’