কেইপিজেডের হ্রদের পানিতে লোকালয় প্লাবিত, ক্ষতিপূরণের আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল রাতে কেইপিজেডের হ্রদের পাইপ কালভার্টের মুখ খুলে গিয়ে লোকালয় প্লাবিত হওয়ার পর আজ ওই কালভার্ট বন্ধ করা হচ্ছে। ছবিটি আজ বিকেলে তোলা
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার কোরীয় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (কেইপিজেড) হ্রদের পাইপ কালভার্টের মুখ খুলে গিয়ে লোকালয় প্লাবিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কেইপিজেডের গলফ মাঠের পূর্ব পাশে কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয় লোকজনের দাবির মুখে ক্ষয়ক্ষতি চিহ্নিত করে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে কেইপিজেড কর্তৃপক্ষ। এদিকে আজ বুধবার দুপুরে স্থানীয় চেয়ারম্যানের পক্ষ থেকে ২০০ পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বৃষ্টির কারণে কেইপিজেডের হ্রদগুলোতে পানি বেড়েছে। পানির চাপ বাড়ায় একটি হ্রদের তিনটি পাইপ কালভার্টের মুখ খুলে গেলে মুহূর্তেই পানি দৌলতপুর এলাকায় প্রবেশ করে। ফলে ওই গ্রামের পুকুর ও জলাশয় ভেসে গেছে। এ ছাড়া মাটির ঘরগুলোতেও ফাটল দেখা দিয়েছে। খবর পেয়ে রাতেই পাইপ কালভার্টগুলোর মুখ বন্ধ করে দেয় কেইপিজেড কর্তৃপক্ষ।

ঘটনার পরপরই কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় বড়উঠান ইউপির চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম জানান, এ ঘটনায় ৩৫০টি ঘরে আংশিক ক্ষতি হয়েছে ও ৭টি পুকুর ভেসে গেছে। এ ছাড়া ২৩টি মাটির ঘরের দেয়ালে ফাটলের সৃষ্টি হয়েছে।

কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মুশফিকুর রহমান বলেন, ‘আমরা ক্ষয়ক্ষতি চিহ্নিত করে ক্ষতিপূরণ দিব। আপাতত ২০০ পরিবারের জন্য স্থানীয় চেয়ারম্যানের পক্ষ থেকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।’

এদিকে ঘটনার প্রতিবাদে আজ সকালে কেইপিজেডের দৌলতপুর গেটে মানববন্ধন করেন স্থানীয় লোকজন। এ সময় সেখানে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম উপস্থিত ছিলেন।