কেউ চমকে উঠেছেন, কারও চোখে বিস্ময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব ঘোচাতে গতকাল রোববার বিশ্ব ভালোবাসা দিবসে চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়কে ফুল হাতে দাঁড়িয়ে ছিল পুলিশ। পথচারী, যানবাহনের যাত্রীদের হাতে তাঁরা তুলে দিয়েছেন ভালোবাসার লাল গোলাপ। হঠাৎ পুলিশের কাছ থেকে ফুল পেয়ে কেউ চমকে ওঠেন, কারও চোখেমুখে ছিল বিস্ময়।
শুধু পথেই মানুষকে ফুলেল শুভেচ্ছা জানায়নি পুলিশ, নগরের ১৬ থানায় বিভিন্ন প্রয়োজনে আসা মানুষকেও ফুল উপহার দেওয়া হয়। তবে যাঁরা ফুল পেয়েছেন তাঁরা বলছেন, পুলিশের এমন আচরণ যেন লোক দেখানো না হয়। সারা বছরই পুলিশ যাতে বন্ধুত্বপূর্ণ আচরণ করে।
নগরের নিউমার্কেটে গতকাল বেলা ১১টায় পথচারী, গাড়িচালক ও যানবাহনের যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মন্ডল। কমিশনারের কাছ থেকে ফুল পেয়ে রিকশাচালক নাছির উদ্দিন সাংবাদিকদের বলেন, সব পুলিশ এ রকম হলে গরিবের কষ্ট হবে না।
নিউমার্কেট থেকে জিইসি মোড়ে গিয়েও পথচারীদের লাল গোলাপ শুভেচ্ছা জানান পুলিশ কমিশনার। তিনি প্রথম আলোকে বলেন, পুলিশকে সত্যিকার অর্থে জনগণের বন্ধু হওয়া ও মানুষের সঙ্গে দূরত্ব ঘোচাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ সদস্যরা প্রতিদিন মানুষকে ফুল দিতে না পারলেও ভালো ব্যবহার করবেন। ফুল কেনার টাকা কোথা থেকে এসেছে—এমন প্রশ্নে তিনি বলেন, পুলিশ ফুল দিয়েছে, এটাই বড় কথা।
গতকাল সকালে চান্দগাঁও থানায় একটি কাজে যান মধ্যম চান্দগাঁও মহল্লা কমিটির নেতা প্রদীপ কুমার নাথ। তিনি বলেন, ‘থানায় ঢুকতেই পুলিশের হাত থেকে লাল গোলাপ পেয়ে প্রথমেই চমকে উঠেছি। পরে ভালো লেগেছে। শুধু একটি দিন নয়, সারা বছর পুলিশ সদস্যরা ফুল না দিলেও মানুষের সঙ্গে ভালো আচরণ করুক, সেই প্রত্যাশা করি। তাহলে ভালোবাসা দিবসে ফুল দেওয়াটা সার্থক হবে।’
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, গোলাপ ফুল দিয়ে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানানোর মাধ্যমে সাধারণ মানুষের সম্পর্ক আরও দৃঢ় হবে।
থানায় আসা লোকজনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোয় পুলিশ সম্পর্কে মানুষের ধারণা পাল্টাবে বলে মনে করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন।
কোতোয়ালি থানায় গিয়ে ফুল পেয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী ওসমান গনি। তিনি বলেন, থানায় আসা সাধারণ লোকজনের সঙ্গে সাধারণত পুলিশ ভালো ব্যবহার করে না। পুলিশের কাছ থেকে ফুল পেয়ে ভালো লেগেছে তাঁর।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, গতকাল সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত থানায় আসা প্রায় ২০০ লোককে তাঁরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নিজ খরচে ফুল কিনেছেন বলে জানান তিনি।
পুলিশের পক্ষ থেকে কত জনকে ফুল দেওয়া হয়েছে বা কত টাকার ফুল কেনা হয়েছে, এর সঠিক তথ্য জানাতে পারেননি নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন, ট্রাফিক ও অর্থ) এ কে এম শহিদুর রহমান। তিনি বলেন, থানার ওসিরা নিজ উদ্যোগে ফুল কিনে মানুষকে শুভেচ্ছা জানান।