কেক কাটা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের ইটপাটকেল নিক্ষেপ, স্থানীয়দের ধাওয়া
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা নিয়ে সুনামগঞ্জের ছাতকে ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তাদের ছোড়া ইটপাটকেলে দোকানের জানালা ও সিএনজিচালিত অটোরিকশার ক্ষতি হলে ক্ষুব্ধ লোকজন ছাত্রলীগের দুই পক্ষকে ধাওয়া দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছাতক উপজেলার সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপকালে সুনামগঞ্জ-সিলেট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে ছাত্রলীগের শিমুল আহমদসহ ২০-৩০ জন কর্মী বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটছিলেন। এ সময় ছাত্রলীগের রেজাউল আলম ৩০-৪০ জন কর্মী নিয়ে সেখানে যান এবং শিমুলদের কেক কাটতে বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। পরে কলেজের শিক্ষকেরা এসে পরিস্থিতি শান্ত করতে শিমুলকে কলেজ মিলনায়তনে নিয়ে বসিয়ে রাখেন। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর শিমুল কলেজ মিলনায়তন থেকে বের হলে ক্যাম্পাসের ভেতরেই রেজাউল ও অন্যরা তাঁকে ধাওয়া দেন। শিমুল তখন দৌড়ে কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে যান।
পরে রেজাউল পক্ষের নেতা জেলা ছাত্রলীগের সাবেক মানবসম্পদবিষয়ক সম্পাদক আবদুল গফ্ফার ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে কলেজ থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে যাওয়ার পর অপর পক্ষের নেতা-কর্মীরা বাধা দেন। এরপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। তখন ইটপাটকেলের আঘাতে কয়েকটি দোকানের জানালা ও সড়কের পাশে রাখা কয়েকটি সিএনজিচালিত অটোরিকশার কাচ ভেঙে যায়। একপর্যায়ে ব্যবসায়ী, অটোরিকশার চালক ও মালিকেরা ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগের উভয় পক্ষকে ধাওয়া দেন। ঘটনার সময় সুনামগঞ্জ-সিলেট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছাতক উপজেলা ও আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে ছাত্রলীগের কোনো কমিটি নেই।
এ ব্যাপারে আবদুল গফ্ফার বলেন, শিমুল আহমদের বাড়ি সিলেটের বিশ্বনাথের দিঘলী গ্রামে। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে কলেজের অনুষ্ঠানে বহিরাগত শিমুল গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করায় ছাত্রলীগের কর্মীরা প্রতিবাদ করেন। পরে মিছিল বের করলে শিমুল তাঁর গ্রামের লোকজন নিয়ে মিছিলে হামলা চালান।
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে শিমুল আহমদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর কেক কাটা নিয়েই ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। থানায় এ নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি।