চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বোয়ালিয়া বৌরতলা দাখিল মাদ্রাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে কেকের বদলে পাউরুটি কাটার ঘটনা লাইভ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রায় ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ মামলার রায় ঘোষণা করেন।
আলোচিত এ মামলার রায়ে ১১ আসামির মধ্যে ৯ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আর মাদ্রাসার সুপার আবদুস সালাম (৫৫) ও সহকারী শিক্ষক গোলাম কবির (৪৮) দোষী সাব্যস্ত হয়েছেন। তবে তাঁদের কারাগারে যেতে হচ্ছে না। এর বদলে বঙ্গবন্ধুর লেখা বই পড়াসহ পাঁচটি শর্ত মানতে হবে তাঁদের।
আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ইসমত আরা বেগম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আদালত আবদুস সালাম ও গোলাম কবিরকে কারাগারে না পাঠিয়ে পাঁচটি শর্তে প্রবেশন দিয়েছেন। শর্ত লঙ্ঘন করলে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা দিতে হবে তাঁদের। জরিমানার অর্থ অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ড।
প্রবেশনের শর্তগুলো হলো—প্রবেশনকালে আসামিরা কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত হবেন না বা একই ধরনের অপরাধ করবেন না; ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের গৌরবের ইতিহাস সম্পর্কে নিজেরা পড়বেন এবং সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীদের জানাবেন; আদালত ও আইন প্রয়োগকারী সংস্থা তলব করলে যথাসময়ে উপস্থিত হতে হবে; প্রবেশনকালে জাতির জনকের নিজ হাতে লেখা তিনটি বই ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়াচীন’ পড়তে হবে। এ ছাড়া জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলি’ ও রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের লেখা ‘একাত্তরের চিঠি’ বইগুলো পড়বেন। দুই আসামিকে প্রবেশনে থাকার সময় ১০টি করে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করতে হবে।
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে বোয়ালিয়া বৌরতলা দাখিল মাদ্রাসায় কেকের পরিবর্তে পাউরুটি কাটা হয়। অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ প্রচার করেন শিক্ষক গোলাম কবির। ব্যঙ্গাত্মক এ আয়োজন ফেসবুকে দেখে স্থানীয় বাসিন্দারা গোমস্তাপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ মাদ্রাসার সুপার আবদুস সালাম ও শিক্ষক গোলাম কবিরকে আটক করে। পরে রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ইসমত আরা বেগম বলেন, সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা অভিযুক্ত দুই আসামির প্রবেশনের শর্ত মানার বিষয়টি তদারক করে থাকেন। এ দুই শিক্ষকের ক্ষেত্রে তিন মাস পরপর তাঁদের শর্ত প্রতিপালন ও অগ্রগতি সম্পর্কে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য প্রবেশন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। আসামিদের প্রবেশন সন্তোষজনক হলে তাঁদের এই দণ্ড চাকরিসহ ভবিষ্যৎ জীবনে কোনো ধরনের অযোগ্যতা বলে গণ্য হবে না বলে আদালত উল্লেখ করেছেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যমতে, প্রবেশন বলতে কোনো অপরাধীকে তাঁর প্রাপ্য শাস্তি স্থগিত রেখে, কারাবদ্ধ না রেখে বা কোনো প্রতিষ্ঠানে আবদ্ধ না করে সমাজে খাপ খাইয়ে চলার সুযোগ প্রদান করা বোঝায়। প্রবেশন ব্যবস্থায় প্রথম ও লঘু অপরাধে আইনের সঙ্গে সংঘর্ষে বা সংস্পর্শে আসা শিশু-কিশোরেরা বা অন্য কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে প্রথম ও লঘু অপরাধের দায়ে কারাগারে বা অন্য কোনো প্রতিষ্ঠানে না রেখে আদালতের নির্দেশে প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে এবং শর্ত সাপেক্ষে তাঁর পরিবার ও সামাজিক পরিবেশে রেখে কৃত অপরাধের সংশোধন ও তাঁকে সামাজিকভাবে একীভূতকরণের সুযোগ দেওয়া হয়। এখানে অপরাধীকে পুনঃ অপরাধ রোধ ও একজন আইন মান্যকারী নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য সহায়তা করা হয়।