কেন্দুয়ায় ওরসে গিয়ে দুপক্ষের ছুরিকাঘাতে কিশোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা জেলার মানচিত্র

পূর্ববিরোধের জের ধরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুই কিশোরপক্ষের মারামারির সময় ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। এ সময় দুই পক্ষের অন্তত চার কিশোর ছুরিকাঘাতে আহত হয়। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরদের বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত কিশোরের নাম সুমন মিয়া (১৫)। সে চিরাং ইউনিয়নের চিথোলিয়া গ্রামের মৃত ইনছান মিয়ার ছেলে ছিল। আহত কিশোরেরাও একই গ্রামের।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চিথোলিয়া গ্রামে একটি সমিতি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। গতকাল পাশের গ্রাম সাগুলিয়ায় একটি ওরস হয়। সেখানে আলাদাভাবে চিথোলিয়া গ্রামের কিশোরেরা অংশ নেয়। সেখানে তাদের কথা–কাটাকাটি হলে কিশোরেরা দুই পক্ষে ভাগ হয়ে মারামারি শুরু করে। এরপর তাদের সঙ্গে থাকা ছুরি বের করে একে–অপরকে আঘাত করে। গুরুতর জখম পাঁচ কিশোরকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমন মিয়াকে মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মো.সাইফুল ইসলাম আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে প্রথম আলোকে বলেন, সমিতি নিয়ে পূর্ববিরোধের জেরে দুই কিশোর পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।