কেন্দুয়ায় বিলে মিলল মাথার খুলি
নেত্রকোনার কেন্দুয়ায় মাথার খুলি উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় গড়াডোবা ইউনিয়নের খরমহরি গ্রামের পেছনের নপাই বিল থেকে পুলিশ মাথার খুলি উদ্ধার করে।
পুলিশ বলছে, শরীর থেকে বিচ্ছিন্ন করা ওই মাথার খুলি নারী না পুরুষের, তা পরীক্ষা না করে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, মাথার খুলিটি প্রায় তিন মাস আগের হবে। এটি নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। সেখানে নমুনা সংগ্রহের পর তা আগামী রোববার ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিটে পাঠানোর কথা রয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে স্থানীয় লোকজন খরমহরি এলাকায় নপাই বিলে মাথার খুলি দেখতে পান। পরে খবর পেয়ে স্থানীয় থানা-পুলিশ তা উদ্ধার করে। এর আগে গত ১৯ আগস্ট বিকেলে স্থানীয় এক ব্যক্তি নপাই বিলে মাছ ধরতে গিয়ে কচুরিপানার নিচে একটি গলিত লাশ দেখতে পান। পরে তিনি ভয়ে দৌড়ে ডাঙায় উঠে বিষয়টি স্থানীয় লোকজনকে জানান।
স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ রাতে মাথা ও দুই পা বিচ্ছিন্ন করা লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। ওই লাশটি নারী না পুরুষের, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, লাশটি কোনো নারীর হবে। কারণ, লাশটি উদ্ধার করার স্থান থেকে নারীদের একটি স্কার্ফ পাওয়া গিয়েছিল।
এ ব্যাপারে জানতে চাইলে নেত্রকোনা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি গতকাল উদ্ধার করা মাথার খুলিটি আগে উদ্ধার হওয়া মাথা বিচ্ছিন্ন হওয়া লাশের হতে পারে। আগের লাশের সংগৃহীত নমুনা ও মাথার খুলির নমুনা যদি পরীক্ষার মিলে যায়, তবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এ ছাড়া আগের লাশের পরিচয় শনাক্তে পুলিশ সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।’