কেন্দুয়ায় ষষ্ঠবারের মতো চেয়ারম্যান হলেন আজিজুল
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নেত্রকোনার কেন্দুয়ায় ষষ্ঠবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. আজিজুল ইসলাম (৭২)। গত বুধবার পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে তিনি সান্দিকোনা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন।
মো. আজিজুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সদস্য। বর্তমানে তিনি সান্দিকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
স্থানীয় বাসিন্দা ও আজিজুল ইসলামের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৭৩ সালে সান্দিকোনা ইউনিয়ন থেকে প্রথম চেয়ারম্যান প্রার্থী হন তিনি। তখন তিনি ২২ বছরের তরুণ। কিন্তু তিনি জয়ী হতে পারেননি। এরপর ১৯৮৩ সালে তিনি প্রথম চেয়ারম্যান পদে জয়ী হন। ১৯৮৮ সালে আবারও নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। পরে দুবার নির্বাচন থেকে সরে দাঁড়ান। এরপর প্রার্থী হয়ে জয়লাভ করে টানা তিনবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এবার ষষ্ঠবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নতুন দায়িত্ব নেওয়ার কথা রয়েছে তাঁর।
সান্দিকোনা এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘আজিজুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। আমরা তাঁকে কখনো অন্যায়ের কাছে সঙ্গে আপস করতে দেখিনি। এলাকার জনগণের বিপদে-আপদে, আনন্দ-উল্লাসে সব সময় তিনি পাশে থাকেন। তাই মানুষ তাঁকে বারবার নির্বাচিত করছেন। তিনি ষষ্ঠবারের মতো চেয়ারম্যান হয়েছেন। আমরা খুবই খুশি হয়েছি। আমাদের বিশ্বাস, তিনি এলাকায় আরও উন্নয়ন করবেন।’
আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করে স্বপ্ন দেখেছিলাম জনপ্রতিনিধি হয়ে এলাকায় মানুষের পাশে থেকে সেবা করব। প্রথমবার নির্বাচন করে পরাজিত হই, কিন্তু পিছিয়ে যাইনি। পরেরবার সফলতা আসে। জনপ্রতিনিধি হিসেবে জনগণের পাশে থেকে সেবা করে আসছি।’