কিশোরগঞ্জের কুলিয়ারচরে সালুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি কেন্দ্র পরিদর্শন করে বাইরে বের হয়ে হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ কাইয়ুম। দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা তাঁকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ রোববার বেলা সোয়া দুইটার দিকে ইউনিয়নের বাজরা কান্দলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত কাইয়ুম বর্তমানে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় বেলা ২টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ২টা ১৫ মিনিটের দিকে কাইয়ুম দলীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে বাজরা কান্দলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান। সেখানে কয়েকটি কক্ষ ঘুরে দেখেন এবং ভোটারদের সঙ্গে কথা বলেন। কাইয়ুম কেন্দ্রে যাওয়ার সঙ্গে সঙ্গে বাইরে অবস্থান করা দলটির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. ইউসুফ মিয়ার সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। কিছু সময় পর বাইরে খবর আসে কাইয়ুমের উপস্থিতিতে প্রকাশ্যে নৌকার সিল মারা হচ্ছে। এই খবরে ইউসুফের সমর্থকেরা আরও উত্তেজিত হন। মুহূর্তে ইউসুফের সমর্থকেরা কেন্দ্রের বাইরে জড়ো হয়ে যান।
কাইয়ুম কেন্দ্র থেকে বের হয়ে হেঁটে কিছুটা এগোতেই ইউসুফের সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে কাইয়ুমের ওপর চড়াও হন। তখন তাঁকে এলোপাতাড়ি কিলঘুষি দিতে থাকেন। একপর্যায়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তখন পুলিশ এসে ইউসুফের সমর্থকদের হাত থেকে কাইয়ুমকে রক্ষা করেন। হামলার ঘটনায় কেন্দ্রের ভেতর ও বাইরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ভোট গ্রহণ বন্ধ হয়নি। কিছু সময়ের মধ্যে নৌকার সমর্থকেরাও পাল্টা হামলা চালানোর চেষ্টা করেন। আবার ইউসুফের সমর্থকেরাও পাল্টা ধাওয়া করেন।
কাইয়ুমের সমর্থকেরা হামলার জন্য ইউসুফকে দায়ী করেন। তাঁরা বলেন, যা হয়েছে, সবই ইউসুফের নির্দেশে হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, কাইয়ুমের মাথার আঘাতটি গুরুতর।
অভিযোগ বিষয়ে জানতে মুঠোফোনে ইউসুফ মিয়ার সঙ্গে কথা হয়। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, হামলার সঙ্গে তাঁর কোনো সমর্থক জড়িত নয়। এটা অন্য কোনো ঘটনা থেকে ঘটে থাকতে পারে।
কেন্দ্রের বাইরে সৃষ্ট অপ্রীতিকর ঘটনার জন্য এক ঘণ্টার মতো সময় ভোট গ্রহণ বন্ধ থাকার কথা স্বীকার করেন কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. আনিসুর রহমান।
সালুয়া ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী সংখ্যা ৯। তাঁদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী দুজন। ইউসুফ মিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি। অপর বিদ্রোহী আফতাব উদ্দিন দলটির কর্মী। নৌকার সমর্থন পাওয়া কাইয়ুমের দলে পদ না থাকলেও তাঁর বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। কাইয়ুমের মনোনয়ন নিয়ে দলে বিভক্তি দেখা দেয় শুরু থেকেই। কাইয়ুমের মনোনয়নের বাতিলের দাবিতে বেশির ভাগ নেতা-কর্মী শুরুতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।