কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে গিয়ে ট্রাকে পিষ্ট শ্রমিক লীগ কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

টাঙ্গাইলে শ্রমিক লীগের মহড়ায় যাওয়ার পথে বালুবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়েছেন জুয়েল (২৬) নামের এক কর্মী। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের আশেকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল সদর উপজেলার যুগির বয়ড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান।

টাঙ্গাইল সদর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া দেওয়ান বলেন, সকালে সাধারণ সম্পাদক আ জ ম খসরুসহ কেন্দ্রীয় শ্রমিক লীগের বেশ কয়েক নেতা বগুড়ার দিকে যাচ্ছিলেন। তাঁদের শুভেচ্ছা জানাতে সদর উপজেলা শ্রমিক লীগের পক্ষ থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে মহাসড়কের দিকে যাচ্ছিলেন নেতা-কর্মীরা। এ বহরে থাকা জুয়েলের মোটরসাইকেলটি আশেকপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে অন্য একটি গাড়ি ধাক্কা দেয়। এতে জুয়েল রাস্তায় পড়ে যান। পরে একটি ট্রাক তাঁর ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই জুয়েলের মৃত্যু হয়।

সদর থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বলেন, ঘটনাস্থলে নিহত ব্যক্তির মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।