কেরানীগঞ্জে গার্মেন্টসপল্লিতে আগুনে শতাধিক দোকান ক্ষতিগ্রস্ত
কেরানীগঞ্জের গার্মেন্টসপল্লি এলাকায় নুর সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের তৈরি পোশাকের শতাধিক দোকান ও কারখানা পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা বলে ধারণা ব্যবসায়ী সমবায় সমিতির।
তবে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তাঁরা জানতে পেরেছেন, মার্কেটের প্রায় ৬০টি দোকান পুড়ে গেছে।
গতকাল রোববার রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট দিবাগত রাত পৌনে দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
নুর সুপার মার্কেটের তৈরি পোশাক ব্যবসায়ী আলতাফ হোসেন জানান, রাত ১১টার দিকে মার্কেটের বিদ্যুতের ট্রান্সমিটার বিস্ফোরণ হয়। সেখান থেকেই আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আরও তিনটি ট্রান্সমিটার বিস্ফোরিত হলে আগুনের স্ফুলিঙ্গ একটি দোকানে পড়ে। সেখান থেকে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।
সামিহা গার্মেন্টসের পরিচালক জয়নাল হোসেন জানান, গতকাল সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিলেন। রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মার্কেটে আসেন। বৃষ্টির কারণে অনেক দোকান ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। সময়মতো বৃষ্টি না হলে সব দোকান পুড়ে যেত।
অপর ব্যবসায়ী রুহুল মিয়া জানান, তাঁর দোকানে জিনস ও গ্যাবার্ডিন প্যান্টের মজুত ছিল। অগ্নিকাণ্ডে দোকানের প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এখন তাঁর ব্যবসা করার মতো কোনো পুঁজি নেই।
কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মুসলিম ঢালী বলেন, নুর সুপার মার্কেটে প্যান্ট, জামা, পাঞ্জাবি, গেঞ্জিসহ তৈরি পোশাকের কয়েক শ দোকান রয়েছে। আগুনে মার্কেটের বেশির ভাগ দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে ২০ কোটি টাকা।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দীনমণি শর্মা বলেন, খবর পাওয়ার পর সদরঘাট ও ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে ১৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। মার্কেটটি টিনশেডের। সড়কগুলো সরু থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারেনি। এ কারণে আগুন নেভাতে অনেক সমস্যায় পড়তে হয়েছে। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।