কেরানীগঞ্জে ফল ঘোষণার দাবিতে দুই প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফল ঘোষণার দাবিতে বিক্ষোভ করেন কয়েক শ নারী–পুরুষ। সোমবার সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে
ছবি: প্রথম আলো

কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল ঘোষণার দাবিতে বিক্ষোভ করেছেন চেয়ারম্যান পদে দুই প্রার্থীর সমর্থকেরা। প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগের প্রার্থী আয়নাল হোসেন ও ‘বিদ্রোহী’ বা স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিনের সমর্থকেরা উপজেলা পরিষদ এলাকায় আজ সোমবার কয়েক দফায় বিক্ষোভ করেন।

গতকাল রোববার হজরতপুর ইউপির ভোটকেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শেষ গণনা শুরু হয়। এ সময় হজরতপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলার সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যালট বাক্স উদ্ধার করে কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান।

আজ সকাল থেকে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বর এলাকায় অবস্থান নেন বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা। সকাল ১০টার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলাউদ্দিনের সমর্থক কয়েক শ নারী-পুরুষ ফল ঘোষণার দাবিতে পরিষদের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন।

এ সময় তাঁরা দ্রুত ফল ঘোষণার দাবিতে স্লোগান দিতে থাকেন। পরে দুপুর ১২টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী আয়নাল হোসেনের পক্ষে পরিষদের সামনে বিক্ষোভ করেন কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।

আলাউদ্দিন বলেন, গণনার সময় নৌকার প্রার্থীর চেয়ে তিনি বিপুল ভোটে এগিয়ে ছিলেন। জয় প্রায় নিশ্চিত দেখে নৌকার কর্মীরা কেন্দ্রে বিশৃঙ্খলার সৃষ্টি করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যালট বাক্স কেরানীগঞ্জ উপজেলায় নিয়ে যান। তাঁর ধারণা ষড়যন্ত্র করে ব্যালট বাক্স নিয়ে আসা হয়েছে।

অপরদিকে নৌকার প্রার্থী আয়নাল হোসেন বলেন, জনগণ ভোটের মাধ্যমে তাঁদের রায় দিয়েছেন। আশা করছেন তিনিই জয়ী হবেন।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল আজিজ বলেন, হজরতপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটের গণনায় গরমিল আছে। সেগুলো যাচাই–বাছাই চলছে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, উপজেলা পরিষদ এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। যাঁরা এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।