কেরানীগঞ্জে বাসচাপায় অটোরিকশাচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ থেকে গুলিস্তানের উদ্দেশে ছেড়ে আসা একটি বাসের চাপায় পিষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় (৩৫) এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের শাক্তা সরকারি বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সালাম হোসেন জানান, বাসটি গুলিস্তানের উদ্দেশে এবং অটোরিকশাটি রোহিতপুর থেকে জিনজিরার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি শাক্তা স্কুলের সামনে পৌঁছালে পেছন দিক থেকে বাসটি সেটিকে চাপা দেয়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা অটোরিকশাচালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অটোচালকের মৃত্যু হয়। বাসের চাপায় অটোরিকশাচালকের দেহ থেকে পা দুটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক মো. হানিফ বলেন, ‘সকাল পৌনে আটটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর মাধ্যমে জানতে পারি, শাক্তা স্কুলের সামনে একটি দ্রুতগামী বাস এক অটোরিকশাচালককে চাপা দিয়েছে। এতে চালকের অবস্থা আশঙ্কাজনক। আমরা খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় অটোচালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে জানতে পারি, তিনি মারা গেছেন।’

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, সকালে শাক্তা স্কুলের সামনে বাসের চাপায় এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। পুলিশ এলাকাবাসীর সহায়তায় ঘাতক বাসটিকে আটক করলেও বাসচালক ও তাঁর সহযোগীরা পালিয়ে যান। তিনি আরও বলেন, ওই অটোরিকশাচালকের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।