কেরানীগঞ্জে বিদ্রোহী প্রার্থীর নির্বাচন বয়কট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউপি নির্বাচন
প্রতীকী ছবি

নির্বাচনে অনিয়ম ও ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে তার প্রতিবাদে কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী জেড এ জিন্নাহ (ঘোড়া প্রতীক) নির্বাচন বয়কট করেছেন।

আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে রাজাবাড়ি স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে বিদ্রোহী প্রার্থী জেড এ জিন্নাহ সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে নির্বাচন বয়কট করার ঘোষণা দেন।

বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী জেড এ জিন্নাহ বলেন, ‘রাজাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দড়িগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভাওয়ারভিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আমার নির্বাচনী এলাকার ১২টি ভোটকেন্দ্রের মধ্যে বেশির ভাগ ভোটকেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এমনকি আমার মেয়েসহ পরিবারের সদস্যরা দড়িগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে গেলে তাঁদের ভোট দিতে দেওয়া হয়নি। তাঁদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। যেখানে আমার পরিবারের সদস্যরা ভোট দিতে পারেনি, সেখানে সাধারণ ভোটাররা কীভাবে ভোট দেবে?’ তিনি আরও বলেন, ‘বিভিন্ন ভোটকেন্দ্রে আওয়ামী লীগ–সমর্থিত নৌকা প্রতীকের লোকজন ভোট দিতে আসা ভোটারদের ভোট প্রদান থেকে বিরত রেখে নিজেরাই ভোট দিচ্ছেন। এ অবস্থায় আমার পক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকা সম্ভব হচ্ছে না। তাই আমি এ নির্বাচন বয়কট করেছি।’